ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত করার প্রক্রিয়া বুধবার (১৪ জানুয়ারি) শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করেনি।
জোট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ১১ দলের শীর্ষ নেতাদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই আসন বণ্টনের চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হবে। এর আগে জোটভুক্ত দলগুলো নিজ নিজ নির্বাহী পরিষদের সভা ডেকেছে।
মঙ্গলবার দিবাগত রাতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় জোটের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হতে পারে। এদিকে খেলাফত মজলিসও বুধবার সকাল ১১টায় তাদের কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন ডেকেছে। সেখানে নির্বাচন ও আসন সংক্রান্ত দলীয় অবস্থান চূড়ান্ত করার কথা রয়েছে।
জোটের অভ্যন্তরে টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। মঙ্গলবার রাতে দলটির নির্বাহী পরিষদের দীর্ঘ বৈঠক হলেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। এমনকি জামায়াতে ইসলামীর সাথেও তাদের পৃথক আলোচনা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিকেলের নির্ধারিত সংবাদ সম্মেলনেই পরিষ্কার হবে জোটের অভ্যন্তরীণ কোন্দল মিটেছে কি না, নাকি এককভাবে লড়ার পথে হাঁটবে কোনো কোনো শরিক।