মাদারীপুর পৌর এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী ভিক্ষুককে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী কিনাই ফকির (৬৫) বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় এই ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা কিনাই ফকির জন্মগতভাবেই বুদ্ধিপ্রতিবন্ধী। প্রতিদিনের মতো ভিক্ষা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন তিনি। পথে কলাতলা এলাকায় একদল কিশোর তার গতিপথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার কাছে থাকা ভিক্ষার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। এদিকে হামলার পরবর্তী একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অবিলম্বে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তারা জেনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।