রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় এক বিরল ও তাৎপর্যবহ দৃশ্যের অবতারণা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে তাকে সম্মান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় উপস্থিত অতিথিদের মাঝে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জা ফখরুলকে মঞ্চের দিকে আসতে দেখেই তারেক রহমান দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। এরপর তিনি এগিয়ে গিয়ে মহাসচিবের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন।
এ সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। তারেক রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখে মির্জা ফখরুল বারবার তাকে বসার অনুরোধ জানান। একপর্যায়ে মহাসচিব নিজেই হাত ধরে বিএনপির চেয়ারম্যানকে পুনরায় আসনে বসিয়ে দেন। বয়োজ্যেষ্ঠ নেতার প্রতি শীর্ষ নেতার এই বিনয় ও সম্মান প্রদর্শন উপস্থিত রাজনৈতিক কর্মী ও সুধীজনদের নজর কেড়েছে।
নাগরিক শোকসভায় রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়ার প্রথা না থাকলেও আমন্ত্রিত অতিথি হিসেবে তারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের ভেতরে শৃঙ্খলা ও জ্যেষ্ঠ নেতাদের প্রতি শ্রদ্ধাবোধের এই বার্তাটি বিএনপির বর্তমান ঐক্যবদ্ধ অবস্থানেরই বহিঃপ্রকাশ। বিশেষ করে বেগম খালেদা জিয়ার প্রয়াণ পরবর্তী সময়ে নেতৃত্বের পারস্পরিক এই সৌহার্দ্য দলের নেতা-কর্মীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।