ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল দাদি-নাতিসহ ৩ জনের: শোকস্তব্ধ গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তেতুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তেতুলিয়া গ্রামের রাহেলা বেগম (৫০), তার এক বছর বয়সী নাতি সাইফান এবং প্রতিবেশী ইরান সিকদার (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধানের ক্ষেত রক্ষায় ইঁদুর মারার জন্য বাড়ির পাশে খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছিল। সন্ধ্যায় অসাবধানতাবশত ওই তারে স্পৃষ্ট হন রাহেলা বেগম ও তার কোলে থাকা এক বছরের নাতি সাইফান। এতে ঘটনাস্থলেই রাহেলার মৃত্যু হয়। এসময় তাদের উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী ইরান সিকদারও বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান।

গুরুতর আহত অবস্থায় শিশু সাইফানকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ মাহফুজুর রহমান জানান, মরদেহগুলো বর্তমানে নিজ নিজ বাড়িতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই পরিবারের দুজনসহ তিনজনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।