ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড়ে ৩০ জনের মৃত্যু, বিদ্যুৎহীন লাখো গ্রাহক

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আঘাত হানা প্রবল শীতকালীন ঝড় ও তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত পর্যন্ত দেশটির বিশাল এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং তীব্র শৈত্যপ্রবাহের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) অনুযায়ী, আরকানসাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ২,১০০ কিলোমিটার এলাকা এক ফুটের বেশি তুষারে ঢাকা পড়েছে। পেনসিলভেনিয়া ও ম্যাসাচুসেটসের কিছু অংশে সর্বোচ্চ ২৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। পিটসবার্গের উত্তরাঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে।

তীব্র শীত ও ঝড়ের প্রভাবে প্রাণহানির সংখ্যা বাড়ছে। নিউ ইয়র্ক সিটিতে আটজনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া ম্যাসাচুসেটস ও ওহাইওতে স্নো-প্লাউয়ের নিচে চাপা পড়ে এবং আরকানসাস ও টেক্সাসে স্লেডিং দুর্ঘটনায় কিশোরদের মৃত্যুর খবর পাওয়া গেছে। কানসাসে এক নারীকে সড়ক থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

পরিবহন ব্যবস্থায় বিপর্যয় নেমে আসায় গত দুই দিনে দেশজুড়ে ১৫ হাজার ৫০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে রোববার ১০ হাজার ৫০০ এবং সোমবার ৫ হাজার ফ্লাইট বাতিল হয়। তুষারপাতের কারণে অনেক এলাকার সড়ক যোগাযোগ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে, বিপজ্জনক মাত্রার এই হিমশীতল বাতাস এবং রেকর্ড নিম্ন তাপমাত্রা ফেব্রুয়ারির শুরু পর্যন্ত অব্যাহত থাকতে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে পূর্ব উপকূলে আরও একটি শীতকালীন ঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে।