ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক হওয়ার সুযোগ আমাদের নেই, দেশেই থাকব: নওগাঁয় তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হুট করে বিমানে চড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই। দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফেরার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১৬ বছরের উন্নয়নের কঠোর সমালোচনা করে তিনি বলেন, মেগা প্রকল্পের আড়ালে দেশে মেগা দুর্নীতি হয়েছে। ফ্লাইওভার দিয়ে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি।

কৃষকদের জন্য বড় ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে। পর্যায়ক্রমে সব কৃষককে দেওয়া হবে ‘কৃষি কার্ড’, যার মাধ্যমে সরাসরি বীজ ও সার কৃষকের হাতে পৌঁছাবে। কৃষি পণ্য পরিবহনে রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

নারীদের কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ এবং প্রতিটি গ্রামে প্রাথমিক চিকিৎসার জন্য ‘হেলথ কেয়ার’ চালুর আশ্বাস দেন তারেক রহমান। শিক্ষিত বেকারদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও আইটি সেক্টরে কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদেশি কোম্পানিগুলোর সাথে কথা হয়েছে, তারা বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানীর প্রতিশ্রুতিও দেন তিনি।

ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ করে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, “ব্যালট বাক্স পাহারা দিতে হবে। প্রয়োজনে তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্র রক্ষা করতে হবে।” নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন।