নির্বাচনী জনসভায় ভোটারদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দল থেকে বহিষ্কৃত হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং উসকানিমূলক বক্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য দলকে ভোট দেন, তবে কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে সব ছারখার করে দেব।’
এমন বিতর্কিত বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মঞ্জুরুল মুন্সী দাবি করেন, এটি ছিল মূলত ‘কথার কথা’। গভীর রাতে উঠান বৈঠক করায় শারীরিক ক্লান্তি ও অবসাদের কারণে আবেগবশত এমন কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে বলে তিনি সাফাই দেওয়ার চেষ্টা করেন। তবে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তার এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে বিএনপির হাইকমান্ড।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের মাত্র এক দিন বাকি থাকতে মঞ্জুরুল মুন্সীর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা ভোটারদের মধ্যে কড়া বার্তা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে এবারের নির্বাচনে যেখানে স্বচ্ছতা ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, সেখানে নিজ দলের নেতার এমন আচরণে কোনো ছাড় দিল না বিএনপি।