ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় ইসির হাই-টেক নজরদারি, প্রথম দেড় ঘণ্টায় ভোট ১১ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণে এবার ড্রোন, ইউএভি এবং বডি-ওর্ন ক্যামেরার মতো উচ্চপ্রযুক্তির ব্যবহার করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল থেকে সারা দেশের ভোট পরিস্থিতি ডিজিটাল মনিটরিং করা হচ্ছে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর আনম্যান এরিয়াল ভেহিকেল (ইউএভি) ও ড্রোনের পাশাপাশি ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া মাঠে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার বডি-ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে, যার লাইভ ফিড সরাসরি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিতে ‘নির্বাচন সুরক্ষা’ নামক একটি বিশেষ অ্যাপও ব্যবহার করা হচ্ছে।

সকালে মনিটরিং সেল পরিদর্শন শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ শুরু হয়েছে। সকাল ৯টা পর্যন্ত প্রথম দেড় ঘণ্টায় সারা দেশে ১১ লাখ ৫০ হাজারের বেশি ভোট সংগৃহীত হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

সিনিয়র সচিব বলেন, “আমরা প্রযুক্তির মাধ্যমে প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছি। গণমাধ্যমকেও অনুরোধ করছি তথ্য দিয়ে আমাদের সহায়তা করতে।”

এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সংবেদনশীল বা বিশেষ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে বডি-ওর্ন ক্যামেরার এক্সেস কেন্দ্রীয়ভাবে রাখা হয়েছে। এবার ২৯৯টি আসনের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে ভোট চলছে। ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের এই নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।