ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলা-পাল্টা হামলায় বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠার জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে বেড়েছে। ইরানে বড় ধরনের হামলা ও দেশটির সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর ভূ-রাজনৈতিক অস্থিরতা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আকাশচুম্বী হয়েছে।

সোমবার (২ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৩৪৮ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। একই দিনে মার্কিন স্বর্ণের ফিউচারের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৬২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১ মার্চ) ইসরাইল তেহরানে নতুন করে হামলা চালায়। এর জবাবে ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগের দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনা ঘটে। দুই দিনের এই সহিংসতা মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।

বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক শঙ্কা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের কদম বাড়িয়ে চলেছে। স্বাধীন বিশ্লেষক রস নরম্যানের মতে, বিশ্বব্যাপী অনিশ্চয়তার সবচেয়ে ভালো সূচক হলো স্বর্ণ। তিনি বলেন, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার নতুন যুগে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়বে বলেই প্রত্যাশা করা উচিত।

২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৬৪ শতাংশ। বিশ্লেষকেরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলো জোরেশোরে ক্রয়, এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিলে বড় অঙ্কের বিনিয়োগ এবং মার্কিন মুদ্রানীতি শিথিল হওয়ার প্রত্যাশা এই দাম বাড়ার পেছনে কাজ করছে।