দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে গড়ে তোলাই বর্তমান সরকারের রাজনীতির মূল লক্ষ্য বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতির নাম প্রস্তাবকালে দেওয়া বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সংসদনেতা হিসেবে দেওয়া প্রথম ভাষণে তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই তার রাজনীতির মূল ভিত্তি। একটি স্বাধীন, সার্বভৌম ও নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি সংসদে সকল দলের নির্বাচিত সদস্যদের সহযোগিতা কামনা করেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন লড়াই করেছেন এবং কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। তার লড়াইয়ের পথ ধরেই দেশে পুনরায় সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত দেড় দশকের শাসন ব্যবস্থায় সংসদকে অকার্যকর করে ফেলা হয়েছিল। জনরোষের মুখে সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতির প্রেক্ষাপটে এক বিশেষ পরিস্থিতিতে এবারের সংসদীয় কার্যক্রম শুরু করতে হয়েছে। তিনি এই মহান সংসদকে দেশের সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকার করেন।
তারেক রহমান আরও উল্লেখ করেন, বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র গঠন সম্ভব বলে তিনি অভিমত দেন।