ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের ভয়াবহতম জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ-র সতর্কবার্তা

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের জেরে বিশ্ব এক নজিরবিহীন জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির প্রধান ফাতিহ বিরোল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ১৯৭০-এর দশকের তেল সংকট কিংবা ইউক্রেন যুদ্ধের পরবর্তী গ্যাস সংকটের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে।

শনিবার (২১ মার্চ) আইইএ’র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারগুলোকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। সংকট মোকাবিলায় আইইএ বেশ কিছু পরামর্শ দিয়েছে, যার মধ্যে রয়েছে—মহাসড়কে যানবাহনের গতিসীমা কমানো, বাসা থেকে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) সুযোগ বাড়ানো এবং শিল্প ও গৃহস্থালিতে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা।

ফাতিহ বিরোল এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, বিশ্ববাজারের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ নির্ভর করে হরমুজ প্রণালির ওপর। বর্তমানে এই প্রণালিতে অচলাবস্থা তৈরি হওয়ায় বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো গুরুতর ক্ষতির মুখে পড়বে। তিনি আরও জানান, যুদ্ধে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনরায় সচল করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে, যা বাজারে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি করবে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র ত্রিমুখী সংঘাত এবং জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। হরমুজ প্রণালি পুনরায় চালু করাই এখন এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ বলে মনে করছে আইইএ।