হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের অন্তর্গত মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাতে অংশ নেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত আমির বলেন, “ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে দেশ গঠনে আমাদের একযোগে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণে জীবন গঠন করতে পারলেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।
ঈদের এই জামাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেন। মোনাজাতে দেশের শান্তি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।