কুমিল্লার বুড়িচং উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমেন জানান, ঢাকাগামী ‘স্টার লাইন পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ একই পরিবারের চারজন প্রাণ হারান। নিহতরা হলেন— ঢাকার মোহাম্মদপুর জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি আব্দুল মুমীন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), মেয়ে লাবিবা (১৮) ও ছেলে সাইফ (৭)। নিহত চালক জামাল হোসেনের (৫২) বাড়ি বরিশালে।
মুফতি আব্দুল মুমীনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামে। ঈদের ছুটি শেষে সপরিবারে কর্মস্থল ঢাকায় ফেরার পথে মাগরিবের আজানের ১৫ মিনিট আগে কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে, যাদের আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।