ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ বলায় আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের একটি আদালতে অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সেই বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে আখ্যায়িত করেন। বাদীর দাবি, মন্ত্রী একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান রয়েছে। এমন মানহানিকর বক্তব্যে মন্ত্রীর সামাজিক ও পারিবারিক মর্যাদার অপূরণীয় ক্ষতি হয়েছে।

আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আজ বিকেলের মধ্যেই আদালত থেকে আনুষ্ঠানিক আদেশ আসতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জসহ রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।