ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনেই ইরানের হাতে ৭টি আকাশযান বিধ্বস্ত

ইরান যুদ্ধের ৩৫তম দিনে গত শুক্রবার (৩ এপ্রিল) বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনী। একদিনেই ইরানের আকাশসীমায় অন্তত দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান, পাঁচটি ড্রোন এবং দুটি সামরিক হেলিকপ্টার আক্রান্ত হয়েছে। ইরানি সংবাদমাধ্যমগুলো এই দিনটিকে ‘মার্কিন-ইসরায়েলি বিমানবাহিনীর কালো দিন’ হিসেবে অভিহিত করেছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে খোমেইন ও জানজান প্রদেশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ইসফাহানের আকাশে দুটি ‘এমকিউ-৯’ অ্যাটাক ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া বুশেহর প্রদেশে একটি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুরুতে ক্ষয়ক্ষতি অস্বীকার করলেও পরবর্তীতে দক্ষিণ-পশ্চিম ইরানে একটি ‘এফ-১৫ই’ (F-15E) যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। বিমানটির পাইলট উদ্ধার হলেও কো-পাইলট এখনো নিখোঁজ। একই দিনে হরমুজ প্রণালীর কাছে একটি ‘এ-১০ ওয়ার্টহগ’ বিমানও বিধ্বস্ত হয়েছে। নিখোঁজ পাইলটদের উদ্ধারে যাওয়া দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টারও ইরানি হামলার মুখে পড়েছিল বলে জানা গেছে।

উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডার ছুটি বাতিল করে ওয়াশিংটনে ফিরেছেন। এদিকে, বিধ্বস্ত বিমানের পাইলটদের জীবিত ধরে দিতে পারলে সাধারণ মানুষের জন্য পুরস্কার ঘোষণা করেছে ইরান। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের নতুন প্রযুক্তির কারণে ইরানের আকাশসীমা শত্রুপক্ষের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠবে।