ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ বছর পর মুখোমুখি লেবানন-ইসরায়েল: ওয়াশিংটনে ঐতিহাসিক বৈঠকে নজর বিশ্বের

দীর্ঘ চার দশকের বরফ গলিয়ে সরাসরি আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল। মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূত পর্যায়ের এই ঐতিহাসিক বৈঠক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এই আলোচনায় মূল এজেন্ডা হিসেবে থাকছে স্থায়ী যুদ্ধবিরতি এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভবিষ্যৎ।

বৈঠকের শুরুতেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার সাফ জানিয়ে দিয়েছেন, লেবাননের জনগণের সঙ্গে তাদের কোনো সংঘাত নেই। মূল সংকট হিজবুল্লাহকে কেন্দ্র করে। ইসরায়েলের দাবি—লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে হিজবুল্লাহকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে।

তবে এই আলোচনার শুরুতেই বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খোদ হিজবুল্লাহর অবস্থান। গোষ্ঠীটি ইতোমধ্যেই ওয়াশিংটনের এই সংলাপ প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, এই বৈঠকে গৃহীত কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, লেবানন সরকার হিজবুল্লাহর ওপর দায় চাপালেও গোষ্ঠীটিকে নিরস্ত্র করার মতো সামরিক বা রাজনৈতিক সক্ষমতা বর্তমানে বৈরুতের হাতে নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বৈঠককে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে অভিহিত করলেও সীমান্তের চিত্র এখনো ভিন্ন। একদিকে যখন ওয়াশিংটনে টেবিল বৈঠক চলছে, অন্যদিকে তখন লেবানন-ইসরায়েল সীমান্ত এলাকায় হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার পর এই প্রথম দুই দেশ সরাসরি কোনো কূটনৈতিক কাঠামোতে যুক্ত হলো। এই বৈঠকের সফলতার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাত এড়ানো সম্ভব হবে কি না।