ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেদ্দায় প্রথম হজ ফ্লাইট, ৪১৯ হাজীকে লাল গালিচা সংবর্ধনা

২০২৬ সালের হজের প্রথম ফ্লাইটে চড়ে পবিত্র ভূমিতে পা রাখলেন ৪১৯ জন বাংলাদেশি হজযাত্রী। শনিবার (১৮ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নামার পর বাংলাদেশি হাজীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং হজ কাউন্সিলর মো. কামরুল ইসলাম। এসময় হাজীদের হাতে ফুল ও রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে পবিত্র ভূমিতে পৌঁছাতে পেরে হাজীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ সৌদি আরবের নুসুক মারহাবার কর্মকর্তারাও এই অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাজীদের জেদ্দা টার্মিনালে পৌঁছানোর পর দ্রুততম সময়ে ইমিগ্রেশন ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঢাকা থেকে এই ফ্লাইটের শুভ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটের সফল অবতরণের মধ্য দিয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনার আন্তর্জাতিক পর্যায়ের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে গতি পেল।