ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডামুড্যায় ওয়ালটনের ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সাড়া

দেশব্যাপী সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের ডামুড্যায় ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। মানবিক এ উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সাড়া দেখা গেছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডামুড্যা ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে অবস্থিত ওয়ালটন প্লাজার সামনে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ওয়ালটন প্লাজার দেশব্যাপী একযোগে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে ডামুড্যা শাখায় এ আয়োজন করা হয়।

ওয়ালটন প্লাজা ডামুড্যা শাখার ম্যানেজার কাজী হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গাজী মো. নাহিদুস সালাম (শান্ত)। তিনি আগত রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

সকাল থেকেই ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসক রোগীদের বিভিন্ন রোগ নির্ণয়ের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেন এবং সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক বলে তারা মন্তব্য করেন।
ওয়ালটন প্লাজা ডামুড্যা শাখার ম্যানেজার কাজী হাফিজুর রহমান বলেন, “ওয়ালটন শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। মানুষের পাশে থেকে সামাজিক দায়িত্ব পালনে ওয়ালটন সবসময় সচেষ্ট থাকবে।”
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের ব্যাপক উপস্থিতি আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে। বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ পেয়ে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়ালটনের এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।