ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ দেখায় জিতেছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

ইতিহাস ব্রাজিলের পক্ষে। কিন্তু শেষ স্মৃতি জাপানের। বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের চ্যাম্পিয়নদের সামনে ফের ব্লু সামুরাইরা।

আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল-জাপান। সুইডেনের সঙ্গে ড্র করে ‘এফ’ গ্রুপে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে জাপান। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন কার্লো আনচেলত্তির ব্রাজিল।

দুই দল এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। ১১ জয় ব্রাজিলের, দুটি ড্র, জাপানের জয় মাত্র একটি। তবে সেই একমাত্র জয় এসেছে সবশেষ দেখায়, ২০২৫ সালের অক্টোবরে প্রস্তুতি ম্যাচে। ৩-২ গোলে জিতেছিল জাপান। তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদা গোল করেন। ব্রাজিলের হয়ে গোল করেন পাউলো হেনরিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। হেনরিক এবার দলে নেই, মার্তিনেল্লি আছেন।

কাতার বিশ্বকাপে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে জাপানের যে জয়যাত্রা শুরু, ব্রাজিলের বিপক্ষে সেই জয় ছিল ধারাবাহিকতার প্রমাণ। গত মার্চে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে তারা।

জাপানের কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ব্রাজিল নিখুঁত ও বিশ্বের শীর্ষ দল। তবে আমরা নিজেদের খেলা খেলতে পারলে জেতার সুযোগ আছে। শেষ প্রীতি ম্যাচে প্রমাণ হয়েছে, পরিস্থিতি বদলে গেছে। এই জয় মানসিক সুবিধা দেবে। যেকোনো কিছু ঘটতে পারে।

অতীতে জাপান ব্রাজিলের সহজ প্রতিপক্ষ ছিল। এখন আর নয়— হুঙ্কার মোরিয়াসুর।