ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার খবরে ছুটে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

খবর পেয়ে অন্য দিনের মতোই ছুটেছিলেন। ঘটনাস্থলে গিয়ে দেখেন নিথর পড়ে আছে নিজের ছেলে।

কিশোরগঞ্জে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ট্রাক চাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তুহিন (১০) নিহত হয়। রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দেয়, ঘটনাস্থলেই মৃত্যু।

তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হকের ছেলে। পরিবারের বাড়ি নেত্রকোনা। দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধারে যান শামসুল। গিয়ে দেখেন নিহত শিশুটি তারই ছেলে। সন্তানের নিথরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সদর থানার ওসি মো. আবুল কালাম ভূঞা বলেন, শামসুল দায়িত্বশীল সদস্য। ঘটনাটি সবার জন্য বেদনাদায়ক। মরদেহ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে, চালক পালাতক।