পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে যানবাহন, বসতবাড়ি ও সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
কর্মসূচিতে নেতাকর্মীরা কথিত এই নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, যারা এসব নাশকতার সঙ্গে জড়িত থাকবে, তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। একই সঙ্গে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানানো হয়, যাতে কেউ কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে।
জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।