ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে বিক্ষোভ

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের ছোট ভাইয়ের সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার বেলা ১টার দিকে মাদারীপুর পৌর শহরের সবুজবাগ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম গৌড়া পলাতক রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বেলা ১১ টায় সবুজবাক এলাকার নদীর পাড় দিয়ে যাচ্ছিলো পৌরসভার ৩নং ওয়াড যুবলীগের সদস্য এরশাদ মুন্সী (২২)। এসময় ওৎ পেতে থাকা বিদ্রোহী প্রার্থীর সমর্থক জসিম গৌড়া তার দলবল নিয়ে এরশাদকে কুপিয়ে মারাত্মক জখম করে। এরশাদের আত্ম-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মুর্মূষ অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরশাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আওয়ামীলীগের নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। এরশাদ সবুজবাগ এলাকার বেলায়েত মুন্সীর ছেলে।

ঘটনার পর মাদারীপুর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকাসহ আশ-পাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

নিহতের মামা যুবলীগ নেতা কাওছার হোসেন অভিযোগ করে জানান, ‘এরশাদ নৌকার সমর্থক হওয়ায় জসিম গৌড়া তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এরশাদকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে। জসিমের বিরুদ্ধে ডাকাতি, খুনসহ একাধিক মামলা রয়েছে। নির্বাচনের পড়ে আমাদের হত্যা করতে পারে, এই বিষয়টি পুলিশ সুপারকে বার বার বলা হলেও তাকে গ্রেফতার করেনি। এটা পরিকল্পিত হত্যাকান্ড। আমরা জসিমসহ খুনিদের বিচার দাবী করি।’

এদিকে এরশাদের খুনিদের সঠিক বিচারের দাবী তে বিকেলে জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা মাদারীপুর সদর হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে।

সংবাদ সম্মেলনে নিহতের মা ও বোন বিলাপ করে বলেন আমার ছেলে কাওসারের সাথে চলে, কাওসার নৌকার নির্বাচন করে এই অপরাধে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান শফিক খান বলেন, নির্বাচনে জিতেই তারা রাতে আমার বাড়িসহ আমার সমর্থকদের বেশ কিছু বাড়িতে হামলা ভাংচুর করেছে। তাদের সমর্থকরা দিনের আলোতে এরশাদ কে কুপিয়ে হত্যা করেছে। তিনি আরো বলেন, এরশাদের বাবা কে রহস্য জনক কারণে হাসপাতালে ও বাসায় দেখা যায়নি । বেলা ১১ টায় ছেলে খুন হয়েছে অথচ ছেলের লাশের কাছে সে এখনো আসতে পারেনি।
কেউ কেউ বলছে এরশাদ নাকি আনারসের সমর্থক? এ প্রশ্নের জবাবে তিনি বলেন,ওর কিছু বন্ধুরা আনারসের নির্বাচনে করেছে তাই তাদের অনুরোধে দুই একটা ছবি হয়তো তুলেছে তার জন্য সে আনারসের সমর্থক না। আনারসের সমর্থক হলে তাকে খুন হতে হতো না।

পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ খালিদ হোসেন ইয়াদ বলেন, ভোটের আগের দিন থেকে আজ পর্যন্ত শাজাহান খান এমপি মাদারীপুরে অবস্থান করছেন। দল থেকে তার শক্তি ও ক্ষমতা যে বেশি এবং তিনি দলের চেয়ে বড় এটাই দেখাতে চেয়েছেন। তাকে নিবৃত করার বারবার চেষ্টা করেও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, নির্বাচন হয়েছে টাকা বনাম আদর্শ।
সংবাদ সম্মেলনে শেষে তারা বিক্ষোভ মিছিল করে পুলিশ সুপারের কার্যালয়ে মিছিল শেষ করে।

জেলা পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন , ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। কোন কারণে খুন হয়েছে, এখনো তা বলা যাচ্ছে না। তবে যেই হত্যার সাথে জড়িত থাকুক না কেন, তদন্ত সাপেক্ষে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।’