ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতা, কোথাও পরিবহন সংকট কোথাও যানজট

রিকশাচালকদের সড়ক অবরোধ ও বৃষ্টিপাতে জলাবদ্ধতার ফলে গতকাল সোমবার রাজধানীর বেশির ভাগ সড়ক তীব্র যানজটে অনেকটাই স্থবির হয়ে পড়ে। সেই সঙ্গে গণপরিবহনের সংকট, অ্যাপভিত্তিক পরিবহনে বাড়তি ভাড়ার কারণে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে।

সকাল ৭টা থেকে রিকশাচালকরা অবরোধ করলে মুগদা হয়ে মালিবাগ-রামপুরা-প্রগতি সরণি-কুড়িল প্রধান সড়কে গণপরিবহনের সংকট দেখা দেয়। তুরাগ, লাব্বাইক, ছালছাবিলসহ বিভিন্ন পরিবহনের বেশির ভাগ বাস চলাচল বন্ধ থাকে। বিকল্প পথে ঘুরে দ্বিগুণ বা তারও বেশি সময় সড়কে যানজটে থেকে গন্তব্যে যেতে হয় অনেক যাত্রীকে। দুপুরে প্রবল বর্ষণ শুরু হলে প্রধান সড়ক ও অলিগলিতে পানি জমে গাড়ির গতি আরো কমে যায়। এতে দুর্ভোগের মাত্রা আরো বাড়ে। বিশেষ করে দিন শেষে কর্মস্থল থেকে ফিরতে যানজটের সঙ্গে তীব্র পরিবহন সংকটে পড়তে হয় ঘরমুখো নাগরিকদের। বাসের দূরত্ব রিকশায়, এমনকি হেঁটে পেরোতে হয় তাদের।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয় ৩৮ মিলিমিটার। দুপুর আড়াইটা থেকে বৃষ্টিপাতের পরিমাণ ছিল বেশি। আবহাওয়াবিদ আপ্তাবউদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

দুপুর প্রায় আড়াইটায় বৃষ্টি শুরু হলে বিভিন্ন রুটে চলাচলরত বাসের গতি মন্থর হয়ে যায়। সৃষ্টি হয় যানজট। বলাকা পরিবহনের বাসে চলতে চলতে জুয়েলসহ তাঁর সহযাত্রীদের আটকে পড়তে হয় মহাখালী, কাকলীতে। কারণ প্রধান সড়কে তখন পানি বইছিল। যানজটে বনানীতে দীর্ঘক্ষণ আটকে থাকা প্রাইভেট কারচালক নওফেল হতাশ কণ্ঠে বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই জট লেগে যায়।’

পল্লবী-কালশী সড়কেও পানি জমেছিল। এমনিতেই উন্নয়নকাজের জেরে সড়কের বড় অংশ স্থানে স্থানে বন্ধ। তার ওপর জলকাদা জমে থাকায় যানবাহনের গতি ছিল ধীর। মিরপুর-১২ নম্বর থেকে আগারগাঁও অংশে মেট্রো রেলপথের নির্মাণকাজ চলছে। দুপুরে তুমুল বৃষ্টি শুরু হলে প্রকল্প এলাকায় মূল সড়কের পাশে পানি জমে যায়। নিত্যকার গা সওয়া যানজট এখানে চরম রূপ নেয়। রোকেয়া সরণিতে যানজটে বসে ঘামছিলেন শিকড় পরিবহনের যাত্রী আলী আজম। বাইরে বৃষ্টি আর ভেতরে যাত্রীবোঝাই বাসের প্রায় সব জানালা-দরজা বন্ধ রাখতে হয় বলে অস্বস্তিকর গরমও ভুগিয়েছে যাত্রীদের। আলী আজম বলেন, ‘গর্ত আর ভাঙাচোরা রাস্তায় পানি জমলেই গাড়ি সামনে আর চলে না।’ পানি জমেছিল মগবাজার, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, খিলক্ষেত, মিরপুরের বিভিন্ন সড়কেও।

গাবতলী-আসাদগেট-আজিমপুর, সায়েন্সল্যাব-শাহবাগ, কুড়িল-রামপুরা-খিলগাঁও-সায়েদাবাদ সড়কে রিকশাসহ অন্যান্য অবৈধ ও অননুমোদিত যানবাহন চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে গতকাল সকাল ৭টা থেকে মুগদা ও আশপাশে রিকশাচালক-মালিকরা সড়ক অবরোধ করলে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ে।

অবরোধের ফলে মুগদা হয়ে চলাচলকারী গণপরিবহন, বিশেষ করে বাস চলাচল প্রায় বন্ধ থাকে। তাতে এই রুটের নিয়মিত যাত্রীরা বিকল্প পথে ধরতে বাধ্য হয়। দুপুর সোয়া ১২টায় রায়েরবাগ থেকে কমলাপুর যাওয়ার জন্য লাব্বাইক পরিবহনের বাসের জন্য অপেক্ষা করে যাত্রীরা জানতে পারে, অবরোধের ফলে বাস চলছে না। এ অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী জুয়েল রায়েরবাগ থেকে বোরাক পরিবহনের বাসে প্রথমে যাত্রাবাড়ী যান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন তুরাগসহ বিভিন্ন কম্পানির বাস চলছে না। পরে যাত্রাবাড়ী থেকে হেঁটে সায়েদাবাদে এসে বলাকা পরিবহনের বাসে ওঠেন। তবে বাসে উঠলেও কুড়িল পর্যন্ত যেতে তাঁর আড়াই ঘণ্টা লাগে। জুয়েল কালের কণ্ঠকে বলেন, ‘প্রগতি সরণি হয়ে কুড়িলে যাওয়ার বাস না পেয়ে যানজটে দ্বিগুণ সময় থাকতে হয়েছে।’ অবশ্য দুপুর দেড়টায় অবরোধ তুলে নেয় আন্দোলনকারী রিকশাচালক-মালিকরা।