প্রিয়া সাহার (প্রিয় বালা বিশ্বাস) গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা গ্রামে। আশির দশকের শেষ দিকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতি শুরু করলেও একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত আসনে নির্বাচিত হতে তৎপরতা চালান তিনি। এর আগেও সংসদে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন তিনি। বর্তমানে হিন্দু সম্প্রদায়ের শীর্ষ একাধিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি ‘দলিত কণ্ঠ’ নামে একটি মাসিক পত্রিকার সম্পাদক তিনি, যেটি গত ১২ জুন অনুমোদন পায়। এ ছাড়া ‘শারি’ নামে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার শীর্ষ পদে থেকে
প্রিয়া সাহা দলিত সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করেন বলে জানা গেছে।
নাজিরপুর উপজেলার পার্শ্ববর্তী বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান শামীমের অভিযোগ, চলতি বছরের শুরুতে প্রিয়ার ভাই জগদীশ চন্দ্র বিশ্বাসের একটি পরিত্যক্ত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী এই আগুনের ঘটনাটিকে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করে। এ ঘটনাটিকেই প্রিয়া মিথ্যাভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে উপস্থাপন করেছেন, যাতে তিনি দেশটিতে বিশেষ সুবিধা আদায় করতে পারেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজনকেও মামলায় ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শামীম আরও বলেন, স্বামী মলয় কুমার সাহার (দুদক কর্মকর্তা) প্রভাবকে ব্যবহার করে প্রিয়া অনেককেই হয়রানি করেছেন কিংবা করার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘নানা সময়েই প্রিয়া সাহা নানাভাবে এলাকার অনেককেই হয়রানি করেছেন। পাশাপাশি দুই উপজেলা হওয়ায় চরসংক্রান্ত বিষয়ে আমাকেও নানাভাবে হয়রানি করেছেন তিনি। একই উপজেলার বাসিন্দা না হলেও আমি যাতে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে না পারি, সে জন্য তার অনুগত লোক দিয়ে আমাকে হয়রানি করেছেন।’
উপজেলার সাবেক চেয়ারম্যান বলেন, ‘পারিবারিকভাবে প্রিয়া সাহা ও তার ভাইদের মধ্যে জমিসহ নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব ও মতপার্থক্য রয়েছে। এমনকি ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় কয়েকজনকে হয়রানি করে আসছেন। এলাকার অনেকের সঙ্গেই তাদের পরিবারের সম্পর্ক ভালো নয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় আশির দশকের শেষ দিকে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সম্পৃক্ত হন প্রিয়া সাহা। ওই সময় রোকেয়া হলে থাকতেন তিনি। তিনি ছাত্র ইউনিয়নের হল শাখার নেতা ছিলেন। একাধিক সূত্র জানিয়েছে, নব্বইয়ের দশকের শুরু থেকে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে নিয়মিত যাওয়া-আসা করতেন প্রিয়া সাহা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের একাধিক নেতা জানান, ওই সময় থেকে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে থেকে মাঠপর্যায়ে সংখ্যালঘুদের নিরাপত্তা ও তাদের অধিকার নিয়ে কাজ শুরু করেন তিনি। তবে সে সময় এসব সংগঠনের কোনো পদে ছিলেন না তিনি।
২০০৩-০৪ সাল থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য হিসেবে নেতাদের সঙ্গে সম্পৃক্ত হন প্রিয়া সাহা। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সঙ্গেও সম্পৃক্ত হন। ২০১২ সালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েই তিনি নিজের স্বার্থ হাসিলে বিভিন্নভাবে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
২০১৭ সালে ঐক্য পরিষদের সব শেষ সম্মেলনে তিনি সংগঠনের জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। পাশাপাশি পূজা উদযাপন পরিষদের সদস্যও তিনি। প্রিয়া ব্যক্তিগত স্বার্থে এই সংগঠনের প্রভাব কাজে লাগানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। বেসরকারি সংস্থা শারির নির্বাহী পরিচালক হিসেবে দেশের দলিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করেন তিনি। এ সংস্থাটি বিদেশি অর্থায়নে পরিচালিত।
দলিতদের নিয়ে কাজ করে এমন একটি সংস্থার একজন শীর্ষ নেত্রী দেশ রূপান্তরকে বলেন, ‘প্রিয়া সাহা সব সময় নিজেকে উঁচু বংশের নারী বলে পরিচয় দেন। আর দলিতদের নিয়ে কাজ করলেও তিনি তাদের ব্যাপারে খুব বেশি উৎসাহী নন। আমেরিকাসহ ঘন ঘন দেশের বাইরে যান তিনি। সংগঠন ও দলিতদের নামে দেশের বাইরে থেকে অর্থ সংগ্রহ করেন। ডোনারদের কাছ থেকে সহায়তা আনেন তিনি।’
ওই নেত্রী আরও বলেন, ‘আমি নিজেকে দলিত সম্প্রদায়ের একজন হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। দলিতদের নিয়ে আমাদের একসঙ্গে কাজ করার কথা থাকলেও তিনি সবকিছু নিজেই নিয়ন্ত্রণ করেন। আমাদের পাত্তাই দিতে চান না।’