আফগানিস্তানের রাজধানী কাবুলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর দফতর লক্ষ্য করে শক্তিশালী বোমা হামলা চালানো হয়েছে। রোববার চালানো এ হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
তবে এখনও পর্যন্ত কোন গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। রোববার আমরুল্লাহ সালেহের গ্রিন ট্রেন্ড কার্যালয় লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি থেকে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়।ওই বিস্ফোরণের পর পরই বেশ কয়েকজন যুদ্ধা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ছয় ঘণ্টার মতো ওই কার্যালয়ের ভেতরেই অবস্থান করে। পরে নিরাপত্তা বাহিনীর হাতে তারা নিহত হয়।এবং ওই কার্যালয় থেকে ১৫০ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়।
আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এই সহিংসতার ঘটনা ঘটল।প্রেসিডেন্ট আশরাফ গনির ঘনিষ্ঠ সহযোগী আমরুল্লাহ সালেহ। তিনি এ বছরের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। কার্যালয়ে হামলার ঘটনায় তিনিও আহত হয়েছেন।
এদিকে তালেবান বলেছে,আফগানিস্তান থেকে বিদেশি সেনা চলে না যাওয়া পর্যন্ত তারা সরকারের সঙ্গে কোন আলোচনায় বসবে না।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, ‘আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরই কেবল সরকারের সঙ্গে আলোচনা হবে।
গত বছর থেকে মার্কিন সরকার কাতারে তালেবানের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনায় বসেছে। দু পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে তবে তালেবান সবার আগে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার দাবি জানাচ্ছে।
অন্যদিকে আমেরিকা দাবি করছে, তালেবানকে প্রতিশ্রুতি দিতে হবে যে, অন্যের ওপর হামলার জন্য আফগানিস্তানকে ব্যবহার হতে দেবে না তারা। তবে এই পর্যন্ত এসব দাবি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসে নি।