প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন, কোনো প্রকার গুজবে কান না দিয়ে গুজব ছড়ানো ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেয়ার জন্য ।
প্রধানমন্ত্রী বলেন, দয়া করে কেউ গুজবে কান দেবেন না এবং আইনকে নিজের হাতে তুলে নেবেন না, বরং যারা গুজব ছড়াচ্ছে তাদের পুলিশে সোপর্দ করুন।
লন্ডন থেকে এক টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৩০ জুলাই) সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে প্রদত্ত ভাষণে একথা বলেন।
এক সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থানরত শেখ হাসিনা তার এদিনের ভাষণে মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য দেশবাসীকে তাদের বাড়ি-ঘর এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও আহবান জানান।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা সভায় অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়ানোর মাধ্যমে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে।
তিনি বলেন, গুজব ছড়িয়ে একজন মা’কে পিটিয়ে মেরে ফেলল, আজ সেই মায়ের শিশুটির কি অবস্থা? কাজেই সকলের কাছে আমার আবেদন-আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি আপনারা কাউকে দোষী মনে করেন, তাকে পিটিয়ে মেরে ফেলার দরকার নেই বরং তাকে পুলিশের হাতে তুলে দিন।
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। গুজব শুনে কোনো নিরপরাধ মানুষকে মেরে ফেলা গর্হিত কাজ, এটা হত্যাকাণ্ডের শামিল।
এ প্রসঙ্গে তিনি পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানান।
তিনি বলেন, এ বিষয়ে পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছে আমার একটা অনুরোধ, প্রকৃত ঘটনা না জেনে সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করবেন না।
ডেঙ্গুর বিস্তার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি এই রোগটি ছড়িয়েছে এবং শুরুতে এটি শহরাঞ্চলে বিশেষ করে ঢাকা শহরে বিস্তার লাভ করে। এখন এটি ক্রমশ অন্যত্রও ছড়িয়ে পড়েছে।
সামনে কোরবানির ঈদ এবং প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে জনগণ নিজ নিজ ঘরে ফিরবেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ সময় ডেঙ্গু আক্রান্ত কোন রোগীকে কামড়ানোর পর অন্য কাউকে সেই মশা কামড়ালে তিনিও এই রোগে আক্রান্ত হতে পারেন।
তিনি বলেন, কাজেই আমি আহবান জানাবো সকলেই নিজ নিজ বাড়ি, অফিস এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, যাতে এই মশা সেখানে ডিম পেড়ে বংশ বিস্তার করতে না পারে। ছাত্র-শিক্ষক এবং সকল শ্রেণী পেশার মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনযোগী হতে হবে।
বসবাসস্থলের কোথাও যেন পানি জমে এই মশার বংশ বিস্তার না ঘটে সেজন্য সকলকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি এ সময় সকলকে মশারি টাঙ্গিয়ে ঘুমানোরও আহবান জানান।
শেখ হাসিনা বলেন, এই রোগ থেকে বাঁচার কৌশল সম্পর্কে জনগণকে সচেতন করতে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট প্রচার করা হচ্ছে।
তিনি এ সময় দলের নেতা-কর্মীদের এই লিফলেট সর্বত্র ছড়িয়ে দেওয়ারও আহবান জানান।
তার সরকার এ বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপই গ্রহণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে আমি ঢাকার দুই মেয়রের সঙ্গেও কথা বলেছি।
প্রধানমন্ত্রী বলেন, এই ডেঙ্গু রোগের চিকিৎসার বিষয়েও সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ প্রচারণা চালাচ্ছেন। এ সময় তিনি এই রোগ প্রতিরোধের জন্য চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্যও জনগণের প্রতি আহবান জানান।