অবিশ্বাস্য হলেও সত্য যে, আমাদের সমাজে যখন ঘুষ ছাড়া কোন কাজ আশা করা কঠিন। সেই সময় গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পাইককান্দি গ্রামের সন্তান ও পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম পাবনায় বিনা পয়সায় ১১১ জনকে পুলিশ কনস্টেবল পদে চাকুরি প্রদানের প্রতিশ্রুতি দিয়ে আলোড়ন তুলছেন।
তিনি সোমবার বিকেলে গণমাধ্যমকে বলেন, ৩ টাকার একটি ফরম এবং ১০০ টাকার ট্রেজারি চালান অথবা ব্যাংক ড্রাফট এবং শাররীক যোগ্যতা থাকলেই মিলবে চাকরি নামের সোনার হরিণ।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের এই আশ্বাসে হুমরি খেয়ে পড়েছেন যুব সমাজ। তারা বিনা পয়সায় সরকারি চাকুরি প্রাপ্তির আশায় পাবনার সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় ট্রেজারি চালান ও ব্যাংক ড্রাফট করতে ভীড় করছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আগামী ৩ জুলাই বুধবার সকাল ৮টা থেকে রাত ১২ টা পর্যন্ত পাবনা জেলায় ১১১ জনকে পুলিশ কন্সটেবল পদে নিয়োগ করা হবে।
সাধারণ পুরুষ ৩৪ জন ও নারী ৪০ জন, মুক্তিযোদ্ধাসহ বিশেষ কোটায় পুরুষ ও নারী মিলে সর্বমোট ১১১ জনকে কনস্টেবল পদে চাকুরি দেওয়া হবে।
ঐ দিনই শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা’র প্রথম ধাপ সম্পন্ন হবে। পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার পরে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
পাবনা শহরের কালাচাঁদপাড়া জোড়বাংলা পাড়ার দরিদ্র দোকানদার গোলাম মোস্তফা বলেন, ‘শুনছি পাবনার এসপি সাহেব নাকি টাকা ছাড়াই পুলিশে লোক নিবে। তাই আমি আমার মেয়েকে ৩ জুলাই লাইনে দাড় করাবো। আমার মনে হয় মেয়ের চাকুরি হয়ে যাবে।’
পাবনা সদর উপজেলার চরকোমরপুর গ্রামের দরিদ্র আক্কাস আলীর ছেলে রাকিবুল হোসেন বলেন, ‘ঘুষ ছাড়াই এবার চাকুরি হবে। এই খবর জানার পর মাত্র ১০৩ টাকা খরচ করে আমি পুলিশ কন্সটেবল পদে চাকুরির জন্য আবেদন করেছি। আমার বাবা গরীব কৃষক। আমি চাকুরি পেলে আমার সংসার বেঁচে যাবে।’
ইতোমধ্যে জেলায় প্রায় ৮ হাজারের বেশি ব্যাংক চালান এবং ড্রাফট করা হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম বলেন, পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজপি মহোদয় অনেক কাজ করছেন।
তাদের নির্দেশেই আমি পাবনায় কোন প্রকার টাকা পয়সা ছাড়াই চাকুরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, কেউ যদি টাকা পয়সা নেয় বা দাবী করে তবে তারা প্রতারক। তাদের আইনে সোর্পদ করার জন্য জনগনের প্রতি অনুরোধ জানান।
পুলিশ সুপার আরও বলেছেন, সকল যোগ্যতা পুরণ হলে এবার কোন প্রকার ঘুষ বা অনৈতিক অর্থ লেনদেন ছাড়া পুলিশে চাকুরি হবে।
এর বাইরে যদি কেউ কোন টাকা চায় বা প্রদান করা হয় তবে তা হবে অন্যায় এবং বেআইনি।
তিনি আরও জানান, ‘আমি কথা দিচ্ছি সচ্ছতা ও নিরপেক্ষভাবে ১০৩ টাকার বিনিময়ে পাবনা জেলায় কনস্টেবল নিয়োগ করা হবে। আমি এ জন্য পাবনাবাসীর সার্বিক সহায়তা চাই।’
শেখ রফিকুল ইসলাম সম্পর্কে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদ (জাপানি ফারুক) বলেন, কোন প্রকার তদবির ও টাকা পয়সা ছাড়া শুধুমাত্র যোগ্যতাবলেই যে আজকাল পুলিশে চাকুরী পাওয়া যায় তা প্রমান করে দিলেন পাবনা জেলা পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম। সততার উজ্জ্বল নিদর্শন রফিক ভাই আপনার আগামীর পথচলা হোক আরো আরো মহিমান্বিত সেই আশাবাদ রইলো। সেইসাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ও আই জি পি মহোদয়কে এমন একজন নিষ্ঠাবান মানুষকে দায়িত্বে নিয়োজিত করার জন্য আন্তরিক ধন্যবাদ।