ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিদেশ থেকে আনা মশার ওষুধের নমুনা পরীক্ষা

ডেঙ্গু মোকাবেলায় ভারত ও চীন থেকে মশার ওষুধের ৩টি নমুনা এনেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় নগর ভবনে ওষুধগুলোর মাঠ পর্যায়ের পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। এ সময় আইসিডিডিআরবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নাগরিকরা ক্রমেই সচেতন হয়ে উঠছেন। পাশাপাশি সরকারের সব বিভাগ, সব সংস্থা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য দুটো জিনিস জরুরি। একটি জনগণের মধ্যে সচেতনতা এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করা। তবেই আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো।

সাইদ খোকন বলেন, সোমবার ভারত ও চীন থেকে মশার ওষুধের ৩টি নমুনা আনা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় নগর ভবনে এ ওষুধগুলোর মাঠ পর্যায়ের পরীক্ষা চালানো হবে। পরীক্ষার পর ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানা যাবে।

উল্লেখ্য, গত শুক্রবার প্রথম দফা ভারতীয় একটি কোম্পানির ওষুধের পরীক্ষা চালিয়েছিল ডিএসসিসি। ওই ওষুধের মাঠ পর্যায়ের পরীক্ষায় সর্বোচ্চ মাত্র ২৬ শতাংশ মশা মারা যায়। এ ওষুধটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঠিকাদার জসিম উদ্দিন সবুজ সরবরাহ করেন। এর পরদিন শনিবার ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাস লিমিটেডের সরবরাহ করা ‘লিমিট লিকুইড ইনসেক্টিসাইড পিএইচপি-২০৫’ (রেডি ফর ইউজ) ওষুধের মাঠ পর্যায়ের পরীক্ষা চালানো হয়। প্রথম দিনের ওষুধটি অকার্যকর হলেও দ্বিতীয় দিনের ওষুধটি কার্যকর বলে প্রতিয়মান হয়। এরপর ওই দুটি প্রতিষ্ঠান আরও ৩টি ওষুধের নমুনা সংগ্রহ করেছে। যার মাঠ পর্যায়ের পরীক্ষা করা হবে আজ। a