ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিজিডি’র চাল তুলে খান ইউপি চেয়ারম্যান!

গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি চক্রের দুঃস্থ মহিলার কার্ডের চাল তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি সঙ্গে সঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে দুঃস্থ মহিলাকে চাল বিতরণসহ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

জানা গেছে, ২০১৮-১৯ অর্থ বছরের ভিজিডি চক্রের তালিকাভুক্ত হতে অনলাইন আবেদন করেন আঙ্গুরানি। আবেদন পত্র যাচাই বাচাই শেষে ইউনিয়ন পরিষদ হতে আঙ্গুরানি জানতে পারে তার নাম ওই তালিকায় আছে। এরপর কার্ড বিতরণের দিন ইউনিয়ন পরিষদে উপস্থিত হন তিনি। কিন্তু তাকে কার্ড দেয়া হয়নি।

আঙ্গুরানী বলেন, ‘আমার কার্ড নম্বর ২৩২। গত ছয় মাসেও আমি চাল পাইনি। চেয়ারম্যান ৫ হাজার টাকা ছাড়া কার্ড দেয়না।সুদের উপর তিন হাজার টাকা নিয়ে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে টাকাটা তার হাতে দেই। তার পরেও তিনি ওই দুই হাজার টাকা দাবি করে আসছে। সে কারণে কার্ডও দেয়না, চালও পাচ্ছিনা।’

তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী অসুস্থ হয়ে বাড়িতেপড়ে আছে। ছয় সদস্যের সংসার। খেয়ে না খেয়ে দিন কাটছে। বন্যার সময় বাড়িতে এক কোমর পানিবন্দি হয়েছিলাম। খুব কষ্ট হয়েছে।’

ইউপি সচিব সামিউল ইসলাম জানান, ২৩২ নম্বর কার্ডধারী আঙ্গুরানীর চাল প্রতিমাসেই উত্তোলন করা হয়েছে। তবে কোনো ব্যক্তি উত্তোলন করেছে তা পরিস্কার করে বলতে পারেননি তিনি।

সচিব বলেন, ‘বিষয়টি জানার পর পরেই আমি চেয়ারম্যানের কাছে ২৩২ নম্বর কার্ডটি চাইলে তিনি এন্তাজ মাষ্টারের কাছে আছে বলে জানান।’

এন্তাজ মাষ্টার বলেন, ‘আমি চেয়ারম্যানের দাপ্তরিক কাজ গুলো করে থাকি। সে কারণে তার আলমারির চাবি সব সময় আমার কাছে থাকে। ২৩২ নম্বর কার্ডটিও আছে। প্রতিমাসে চেয়ারম্যান সাহেব যাকে দিতে বলেন আমি তাকেই কার্ডটা দেই।’

আঙ্গুরানী রাধাকৃষ্ণপুর গ্রামের তছলিম শেখের স্ত্রী এবং ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আলিফ উদ্দিনের মেয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য বলেন, ‘আঙ্গুরানীর মতো ৫০টি ভিজিডি কার্ডের চাল চেয়ারম্যান প্রতিমাসে তুলে নেন। কার্ডধারী জানতে পারলে ৫ হাজার টাকা করে নিয়ে কার্ড দেন।’

এছাড়া চেয়ারম্যান বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা’র তালিকাভুক্তিতে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত নেন। এলজিএসপি, ভূমি উন্নয়ন কর, কাবিখা-কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের টাকা নামে মাত্র কাজ করে সিংহভাগ আত্নসাৎ করেছেন তিনি।

বোয়ালী ইউপি চেয়ারম্যান এম এ মাজেদ উদ্দিন খান আব্দুল্লাহ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কার্ডটি আমার হেফাজতে রয়েছে। কার্ডধারীকে চাল দেয়া হবে।’