ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেকে কলেজছাত্রীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের এক কলেজছাত্রী বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

মৃত খালেদা পারভীন (২৫) ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী ইউনিয়নের মেঘচামী গ্রামের ফিরোজ খানের মেয়ে ও মধুখালী সরকারি আয়েনউদ্দিন কলেজের ডিগ্রির ছাত্রী।

মেঘচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী জানান, গত সাত দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন খালেদা। তাকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চার দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তিনি মারা যান।

মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ার বলেন, কলেজছাত্রী খালেদা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে প্রাথমিক খবরে জানা গেছে। তবে তার মৃত্যু সংক্রান্ত হাসপাতালের সনদ পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।