উদ্ভূত পরিস্থিতিতে কাশ্মীরের জনগণের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী তরুণী এবং পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। সংঘাত এড়িয়ে সবাইকে শান্তিতে বসবাসের আহ্বান জানিয়েছেন তিনি। খবর এএফপির।
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে দেশটির অধীনে থাকা জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার পর বৃহস্পতিবার মালালার বক্তব্য পাওয়া গেল।
‘কাশ্মীরের সমস্যা সেই ছোটবেলা থেকে দেখে আসছি। আমার মা-বাবাও তাদের ছোটবেলায় এসব দেখেছেন,’ জানিয়ে ২২ বছর বয়সী মালালা বলেন, ‘দক্ষিণ এশিয়া আমার বাড়ি। এখানে কাশ্মীরসহ ১.৮ বিলিয়ন মানুষের সঙ্গে আমার বসবাস।’
মালালা বলেন, ‘আমরা সবাই এখানে শান্তিতে বসবাস করতে পারি। কাউকে আঘাত করার কোনো দরকার নেই।’
মালালা জানান, তিনি বেশি চিন্তিত কাশ্মীরের নারী ও শিশুদের নিয়ে।
কাশ্মীরের সমস্যা মেটাতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন মালালা।