চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ১২ হাজার শ্রমিক-কর্মচারী, গাড়িচালক ও কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবহারকারী প্রবেশ করেন। সংশ্লিষ্টদের নিরাপত্তা ও সংরক্ষিত এলাকায় প্রবেশকারীকে শনাক্ত করার স্বার্থে সবার জন্য নির্ধারিত পোশাক বা ড্রেসকোডের বিধান থাকলেও তা কার্যকর ছিল না। গতকাল শনিবার থেকে ড্রেসকোড কার্যকর করা হয়েছে।
এদিকে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দরের আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরেজমিনে দেখতে আজ রবিবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের প্রতিনিধি দল। রবিবার ও সোমবার দুদিন বন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও বন্দরের কার্যক্রম দেখবেন। তাদের ইতিবাচক প্রতিবেদনের ওপর বন্দরের এগিয়ে চলা নির্ভর করছে। এর আগেই ড্রেসকোড মেনে বন্দরে প্রবেশ শতভাগ নিশ্চিত করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। সমুদ্রপথে পণ্য পরিবহনের আড়ালে যাতে কোনো সন্ত্রাসী কাণ্ড না ঘটে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এই আইএসপিএস কোড বাস্তবায়ন করছে। মূলত ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পরই এই কোড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে বিশ্বের ১৪৮টি দেশের সমুদ্রবন্দরে আইএসপিএস কোড বাস্তবায়নের জন্য চুক্তি করা হয়েছে। এই আইএসপিএস কোড অনুযায়ী বন্দরে প্রবেশকারী সবার ড্রেসকোড পরা বাধ্যতামূলক।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা উপপরিচালক মেজর রেজাউল হক বলেন, ‘আগে থেকেই আমরা নির্ধারিত ড্রেসকোড পরার জন্য নির্দেশনা দিয়েছি। ড্রেসকোড পরতে সবাইকে সচেতন করেছিলাম কিন্তু পুরোপুরি সফলতা পাইনি। এখন সবার শতভাগ ড্রেসকোড পরা নিশ্চিত করেছি।’
যেহেতু আমরা বন্দরের ১৩টি গেইটে ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম চালু করেছি সুতরাং ড্রেসের ক্ষেত্রে আর ছাড় দেওয়ার সুযোগ নেই। অবশ্য আইএসপিএস টিম আসার কারণেও সবার শতভাগ ড্রেস পরা নিশ্চিত করতে সহযোগিতা পেয়েছি-যোগ করেন মেজর রেজাউল হক।
বন্দর কর্তৃপক্ষ বলছে, আইএসপিএস কোড অনুযায়ী চার ধরনের ড্রেসকোড আমরা চালু করা হয়েছে ২০১৬ সাল থেকেই। হলুদ রংয়ের ড্রেস হচ্ছে বন্দর ও কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের জন্য; নীল রংয়ের ড্রেস হচ্ছে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের কর্মীদের; সবুজ রংয়ের ড্রেস হচ্ছে পরিচ্ছন্ন কর্মীদের; লাল রংয়ের ড্রেস হচ্ছে বন্দরে প্রবেশকারী বিভিন্ন ধরনের গাড়িচালক, চালকের সহকারী ও শ্রমিকদের জন্য।
তবে চট্টগ্রাম বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী, আনসার বাহিনীর জন্য নির্ধারিত ইউনিফর্ম আগে থেকেই চালু আছে। ফলে তাদের নতুন করে ড্রেসকোড পরার প্রয়োজন নেই। এ ছাড়া বন্দরের ভেতর ট্রাফিক বিভাগের কর্মীদের জন্য সাদা ড্রেস কোড পরার বিধান আগে থেকে চালু আছে।
গত কয়েকদিন ধরেই বন্দরে প্রবেশের সময় ড্রেসকোড পরিধানকারীরা কেবল ভেতরে প্রবেশের অনুমতি পাচ্ছে। এর ফলে প্রত্যেকটি গেট দিয়ে সুশৃঙ্খলভাবেই বন্দরের ভেতর প্রবেশ করছে কর্মীরা।
বন্দর কর্মকর্তারা বলছেন, আইএসপিএস কোড বাস্তবায়নকারী টিমের প্রধান নজরই থাকবে বন্দরের প্রবেশ ও বাহির গেটের নিরাপত্তা ব্যবস্থা। বন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে চালু করেছে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা। বন্দরে প্রবেশের ১৩টি গেটে স্থাপিত হয়েছে ‘ডিজিটাল এক্সেস কন্ট্রোল গেট’; যেখানে একজন নিবন্ধিত ব্যক্তির তথ্য শতভাগ নিশ্চিত হয়েই প্রবেশ করতে পারবেন। ব্যক্তির সাথে থাকা ব্যাগের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের জন্য যুক্ত হয়েছে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর। ৮০ হাজারের বেশি ব্যক্তিকে সরবরাহ করা হয়েছে ডিজিটাল এন্ট্রি কার্ড; যেখানে প্রত্যেক ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট ও আইরিশসহ বায়োমেট্রিক তথ্য যুক্ত রয়েছে। বন্দরে প্রবেশের সময় এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করেই ভেতরে প্রবেশের সুযোগ থাকছে। ফলে অবাঞ্ছিত ও অনুমোদনহীন ব্যক্তির বন্দরে প্রবেশের কোনো সুযোগ থাকছে না।
বন্দরের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক রফিকুল আনোয়ার বাবু বলেন, ড্রেস কোড নিশ্চিত করার ফলে বন্দর সংরক্ষিত এলাকার যেকোনো দুর্ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে; শ্রমিকরা ওয়েল ইক্যুপড হওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ও দুর্ঘটনা এড়ানো যাবে। বন্দরে এই উদ্যোগের ধারাবাহিকতা নিশ্চিত করতে পারলে নিরাপত্তায় অন্য উচ্চতায় পৌঁছবে চট্টগ্রাম বন্দর।