ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ৩০ দিনে আক্রান্ত সর্বোচ্চ

বিগত জুলাই মাসে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩। আর গতকাল শুক্রবার চলতি আগস্ট মাসের ৩০ দিন শেষে সেই সংখ্যা পৌঁছে গেছে ৫২ হাজারে। আজ শনিবার পার হয়ে পুরো আগস্ট মাসে এই সংখ্যা আরো এক হাজার বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণকারীরা। এটা দেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের ইতিহাসে সর্বোচ্চ।

এদিকে সারা দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারে চলতি মাসের শুরুতে পরিস্থিতি যতটা খারাপ ছিল তার অনেকটাই মাসের শেষে এসে উন্নতি ঘটেছে। এমনকি চলতি মাসের মধ্যে সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা ছিল গতকাল সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টার পরিসংখ্যানে।

সারা দেশের হাসপাতালগুলোতে গত ১ আগস্ট নতুন ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৭৩৭। গতকাল তা নেমে আসে এক হাজার ২৫ জনে। আর এই মাসের ৬ আগস্ট সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছিল।

অন্যদিকে সরকারি হিসাবে গত জুলাই মাসে নিশ্চিত করে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৮ জন আর চলতি মাসে ১৭ জন দেখানো হয়। সেই তুলনায় চলতি মাসে মৃতের সংখ্যা অনেক বেশি। এ মাসে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটেছে মৃত্যুর ঘটনা। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমেও গত কয়েক দিন ধরে আসছে তেমন তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, গত ১ জানুয়ারি থেকে গতকাল সকাল পর্যন্ত সারা দেশে মোট ৬৯ হাজার ৪৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ৫৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন চার হাজার ৬৯৭ জন।

কন্ট্রোল রুমে ১৮০ জনের মৃত্যুর তথ্য এসেছে, যার মধ্যে ৮৮ জনের তথ্য পর্যালোচনা শেষে ৫২ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আর চলতি আগস্ট মাসের ২৯ দিন শেষে গতকাল সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫০ হাজার ৯৭৪। গতকাল রাত নাগাদ তা আরো প্রায় এক হাজার বেড়ে যাওয়ার আভাস পাওয়া গেছে বিভিন্ন স্থানের খবরে।

ওই কর্মকর্তার তথ্য অনুসারে, গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪৬৫ জন এবং ঢাকার বাইরে ৫৬০ জন। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৪ জন। এ ছাড়া মিটফোর্ড হাসপাতালে ৫৩, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৪, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭ ও কুর্মিটোলা হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৪১ জন রোগী ভর্তি হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আর বিভাগ হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনা বিভাগে ১৬০ জন। এ ছাড়া বেসরকারি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ১৯ জন।

আরো দুজনের মৃত্যু : এদিকে বৃহস্পতিবার রাতে ঢাকা শিশু হাসপাতালে চার বছর বয়সের এক শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ওই হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ছাড়া ঢাকার বাইরে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মুন্নী বেগম (৫২) নামে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু ঘটেছে বলে পরিবার সূত্র জানিয়েছে।