মুন্সীগঞ্জে আইসক্রিমের ভ্যানে মদ চালানের সময় হাতেনাতে দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার গভীর রাতে শহরের জগদ্ধাত্রীপাড়াসংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে স্কটল্যান্ডের তৈরি সাতটি মদের বোতল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, শহরের খালইস্ট এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো: লিয়াকত হোসেন (৫২) ও ভ্যানচালক সোহরাব (৪০)। আইসক্রিমের ডিলার ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা তার দীর্ঘদিনের। খুবই কৌশলী এই মাদক ব্যবসায়ী লিয়াকত হোসেন। তার মাদক ব্যবসা মুন্সীগঞ্জে ওপেন সিক্রেট। কিন্তু অভিযোগ রয়েছে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই সে আইস ক্রিম ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছে।
আটককৃতদের মধ্যে লিয়াকত হোসেনের বিরুদ্ধে পূর্বের চারটি মাদক মামলা রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
র্যাব -১১ এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নয়াদিগন্ত অনলাইকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকেই মুন্সীগঞ্জ শহরের থানাসংলগ্ন জগদ্ধাত্রীপাড়া রাস্তায় নজরদারি রাখা হয়। রাত সোয়া ৯টার দিকে সন্দেহ হওয়ায় একটি আইসক্রিমের ভ্যানের ভেতর তল্লাশি চালিয়ে সাতটি মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে লিয়াকতের নামে চারটি মাদক মামলা রয়েছে। মাদক বিক্রিতে ব্যবহৃত আইসক্রিম ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।