ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানই তো ক্যাসিনো সম্রাট: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানই তো ক্যাসিনো সম্রাট। আর তারাই ক্যাসিনো বিরোধী অভিযান নিয়ে কটাক্ষ করছে।’
আজ রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারী পুরোধা প্রীতিলতা ওয়াদ্দেদার-এর আত্মাহুতি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন অনলাইন পোর্টালে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আয়কর রিটার্নে ঘোষণা করেছেন তার আয়ের একটি বড় উৎস হচ্ছে ক্যাসিনো। কারণ ইংল্যান্ডে ক্যাসিনো থেকে আয় হলে সেটির কর দিতে হয় না। বিএনপি এমন ক্যাসিনো সম্রাটকে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে রেখেছে আর তারাই ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে কটাক্ষ করে !’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় আছি, অনেক অনুপ্রবেশকারী আমাদের দলে ঢুকেছে আবার অনেকের নৈতিক স্খলন ঘটেছে এবং সেই কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে দলমত নির্বিশেষে যে সাঁড়াশি অভিযান চলছে, সেটি হচ্ছে রাষ্ট্র ও সমাজকে পরিশুদ্ধ করার লক্ষ্যে এবং সব ধরণের অবৈধ কর্মকা- বন্ধ করার জন্য’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কে কোন্ পথের বা মতের সেটি না দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘যারা এ অভিযানের প্রশংসা করতে পারছেন না, সেটি তাদের রাজনৈতিক দীনতা এবং তারা যে এটি করতে পারেননি বরং এই সংস্কৃতি চালু করেছিলেন, সেই ব্যর্থতা ঢাকার জন্যেই তারা নানা কথা বলছেন। বিএনপি’কে অনুরোধ জানাবো দেশকে কলুষমুক্ত করার জন্যে, এবং দেশ থেকে সব ধরণের অনাচার এবং অবৈধ কর্মকা- নির্মূল করার জন্যে আমরা একযোগে কাজ করবো।’
প্রীতিলতাকে ভারতবর্ষের ইতিহাসে অন্যতম সেরা বিপ্লবী বীরকন্যা হিসেবে আখ্যা দিয়ে এ সময় মন্ত্রী বলেন, ‘প্রীতিলতা কোনো সাধারণ বিপ্লবী ছিলেন না, একজন অসম্ভব মেধাবী ছাত্রী ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগ দেয়ার পর তার সাহসিকতা, একাগ্রতা, বুদ্ধিমত্তা এবং দেশমাতৃকার প্রতি তার যে গভীর ভালোবাসা ফুটে ওঠে, সে কারণে প্রীতিলতা বিপ্লবীদের মধ্যে অনন্য হয়ে রয়েছেন।
ঢাকায় প্রীতিলতা কিংবা সূর্যসেনের নামে স্থাপনা হওয়া প্রয়োজন উল্লেখ করে ড. হাছান বলেন, ‘চট্টগ্রামে প্রীতিলতার জন্য অনেক কিছু রয়েছে, প্রীতিলতা হল আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্রীতিলতা হল আছে। কিন্তু ঢাকা শহরে প্রীতিলতা কিংবা সূর্যসেনের নামে কোনো স্থাপনা বা আবক্ষ মূর্তি নেই। একটি হওয়া প্রয়োজন বলে আমি মনেকরি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেত্রী সারাহ্ বেগম কবরী’র সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, প্রচার সম্পাদক আকতার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মতিন সরকার, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ আলোচনায় অংশ নেন।
#