ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বার্থ ডুবিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকতে ভারতকে তুষ্ট করছে সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকার বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা না করে বরং ক্ষমতায় থাকতে ভারতকে তুষ্ট করছে। রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে নুর বলেন, সরকার ভারতের সঙ্গে যে চুক্তি করেছে তাতে আমরা লজ্জিত। আপনি (প্রধানমন্ত্রী) যখন বলেন- ভারতকে যা দিয়েছি ভারত সারাজীবন তা মনে রাখবে। আপনার একটি বাক্যে বোঝা যাচ্ছে। আপনি ভারতকে কী পরিমাণ দিয়েছেন। আপনি দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করেননি। আপনি ক্ষমতায় থাকতে ভারতকে তুষ্ট করার কথা চিন্তা করেছেন।

কিন্তু ভারত আমাদের কী দিয়েছে। আজও একজনকে সীমান্তে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আপনারা (সরকার) আজ দুর্বল বলে আন্তর্জাতিক সমর্থন থাকা সত্ত্বেও রোহিঙ্গা সমস্যা দূর করতে পারছেন না। আপনারা মানবতার পরিচয় দিয়েছেন, অনেক ভালো করেছেন। কিন্তু আপনারা এই সমস্যা সমাধানে মিয়ানমারকে বাধ্য করতে পারেননি। কারণ আপনাদের শক্ত ভিত্তি নেই। এ সময় পুলিশের সমালোচনা করে নুর বলেন, এখন পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে সরকারকে রক্ষা করা।

তাদেরকে আমরা খুব বেশি ভালো কাজ করতে দেখি না। তারা সরকারের পেটুয়াবাহিনী হিসেবে ভূমিকা পালন করে। যেখানে বিরোধী দলের সভা-সমাবেশ হয়, সেখানে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। বিএনপি নেতাকর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক যেই হোক কাউকে রেহাই দিচ্ছে না পুলিশ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, মশিউর রহমান প্রমুখ।