ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্রাটের ‘ক্যাসিনো গুরু’ আরমান কারাগারে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ‘ক্যাসিনো গুরু’ হিসেবে পরিচিত দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে র‌্যাব। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব -১ এর উপ-পরিদর্শক আব্দুল হালিম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২১ অক্টোবর দ্বিতীয় দফায় ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন গুলশানের মাদক মামলায় তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন অস্ত্র ও মাদক মামলায় সম্রাটের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৪ অক্টোবর ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‌্যাব। এর মধ্যে মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকেও আসামি করা হয়।

৬ অক্টোবর কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে আরমানকে মদ্যপ অবস্থায় পাওয়া যায় এবং তার পকেটে ১৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে মাদক সেবনের দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেন।