ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দুদকের জালে সাব-রেজিস্ট্রার ও অফিস সহকারী

কুষ্টিয়ায় ঘুষ নেয়ার সময় সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে হাত নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী অভিযানে তল্লাশি চালিয়ে ঘুষের ১ লাখ ৪ হাজার ৪শ টাকাসহ তাদের আটক করে দুদকের অভিযানিক দল।

এ ব্যাপারে দুদকের উপ-পরিচালক মো. যাকারিয়া বলেন, বৃহস্পতিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে যে সদর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। বিষয়টি দুদক সদর দপ্তরকে অবহিত পূর্বক অভিযানের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে অভিযানকালে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুদকের এই কর্মকর্তা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।