ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার সুপার হলেন উত্তম কুমার গোস্বামী!

মাদরাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে হিন্দু শিক্ষার্থী নয়ন রায়। আবার ১২ বছর ধরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ইসলাম শিক্ষা’ বিষয়ের ক্লাস নিচ্ছেন হিন্দু শিক্ষকরা। আর এবার মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হলেন উত্তম কুমার গোস্বামী।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পেয়েছেন হিন্দু সংগঠনের নেতা ও মাদরাসার সহকারী শিক্ষক উত্তম কুমার গোস্বামী।

উত্তর কুমুর গোস্বামী পাটকিয়াবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৩১ অক্টোবর পাকটিয়াবাড়ি দাখিল মাদ্রাসার সুপার অবসরে চলে যান। ফলে সুপার পদটি শূন্য হয়ে যায়। সহকারী সুপার মো. হাসান আলিকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয় মাদ্রাসার ম্যানেজিং কমিটি।

এরই মধ্যে বিপত্তি ঘটে যে, মাদ্রাসা কর্তৃপক্ষ সুপারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আর তাতে সুপার পদের জন্য আবেদন করতেই সহকারী সুপার এ ভারপ্রাপ্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

পরবর্তীতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি উত্তম কুমার গোম্বামীকে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করে। উত্তম কুমার গোস্বামী নতুন সুপার নিয়োগ হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত সুপার উত্তম কুমার গোস্বামী ম্যানেজিং কমিটির দেয়া দায়িত্ব গত বুধবার আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছেন। তার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আপ্রাণ চেষ্টা করবেন বলেও জানান তিনি।