ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় আলোচিত দুর্নীতির ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যন্ত্রপাতি সরবরাহকারী তিন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, মেডিক্যাল কলেজের একজন সহযোগী অধ্যাপক, হাসপাতালের একজন জুনিয়র কনসালট্যান্ট ও সাবেক প্যাথলজিস্টকে এই মামলায় আসামি করা হচ্ছে। দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে আজ বুধবার এ মামলা করার কথা রয়েছে। দুদকের একটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সূত্র মতে, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পর্দা কেলেঙ্কারিতে ছয়জনকে আসামি করে মামলার অনুমোদন দিয়েছে দুদক। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, মামলায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হবে।
দুদক সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী দণ্ডবিধির ৪০৯/৫১১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করবেন। এতে যে ছয়জনকে আসামি করা হচ্ছে তাঁরা হলেন : ১. আব্দুল্লাহ আল মামুন, প্রপ্রাইটর, মেসার্স অনিক ট্রেডার্স; ২. মুন্সী ফররুখ হোসাইন, প্রপ্রাইটর, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ; ৩. মুন্সী সাজ্জাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, মহাখালী; ৪. ডা. গণপতি বিশ্বাস, সহযোগী অধ্যাপক (দন্ত বিভাগ), ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল; ৫. ডা. মিনাক্ষী চাকমা, সাবেক জুনিয়র কনসালট্যান্ট (গাইনি); ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, বর্তমানে জুনিয়র কনসালট্যান্ট (গাইনি), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পানছড়ি, খাগড়াছড়ি এবং ৬. ডা. এ এইচ এম নুরুল ইসলাম, সাবেক প্যাথলজিস্ট, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, বর্তমানে জুনিয়র প্রভাষক, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), ফরিদপুর।
ফরিদপুর মেডিক্যালে মেডিক্যালসামগ্রী কেনায় দুর্নীতি তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট দুদকের সূত্রগুলো জানায়, ফরিদপুর মেডিক্যাল কলেজের এমএসআর সামগ্রী কেনার জন্য ২০১৪-১৫ অর্থবছরে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে এমএসআর সামগ্রী সরবরাহের জন্য ঠিকাদার নিয়োগে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ঢাকার পল্লবীর মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ, মেসার্স অনিক ট্রেডার্স ও বনানীর মেসার্স আলী ট্রেডার্সের দরপত্র দাখিল দেখানো হয়।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওমর ফারুক খান (বর্তমানে মৃত) তিন সদস্যের একটি বাজারদর যাচাই কমিটি গঠন করেন। এ কমিটিতে ছিলেন ডা. গণপতি বিশ্বাস, ডা. মিনাক্ষী চাকমা ও ডা. এ এইচ এম নুরুল ইসলাম। এই কমিটি হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে তিনটি কোটেশনের ভিত্তিতে বাজারদর প্রতিবেদন দাখিল করেন।
দুদকের অনুসন্ধানকালে এ কোটেশনগুলো বানোয়াট ও ভুয়া প্রমাণিত হয়। তত্ত্বাবধায়ক ডা. ওমর ফারুক খান মেসার্স অনিক ট্রেডার্সকে এমএসআর যন্ত্রপাতি সরবরাহের জন্য ১০ কোটি টাকার কার্যাদেশ দেন। মেসার্স অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন যন্ত্রপাতি সরবরাহ করেন এবং বিল দাখিল করেন। সরবরাহকৃত যন্ত্রপাতিগুলো অব্যবহৃত অবস্থায় স্টোরে পড়ে আছে।