তিন বছর আগে রাজধানীর কূটনীতিকপাড়া হিসেবে পরিচিত গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে নব্য জেএমবির সাত সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় গতকাল বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে আট আসামির মধ্যে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিরা হলেন—গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, নওগাঁর আসলাম হোসেন ওরফে আসলামুল ইসলাম ওরফে রাশেদ ওরফে র্যাশ, কুষ্টিয়ার আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, জয়পুরহাটের মো. হাদিসুর রহমান ওরফে সাগর, বগুড়ার রাকিবুল হাসান ওরফে রিগ্যান, একই জেলার মামুনুর রশীদ ওরফে রিপন ও রাজশাহীর শরিফুল ইসলাম ওরফে খালেদ।
বেকসুর খালাস পাওয়া আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজান।
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(অ) ধারায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের ৮/৯ ধারায়ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত জঙ্গিকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে ৮ ধারায় তাঁদের প্রত্যেককে ছয় মাস এবং ৯ ধারায় প্রত্যেককে আরো পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে বলা হয়েছে, হলি আর্টিজানে হামলা পূর্বপরিকল্পিত। আসামিরা (সাতজন) প্রত্যেকে এই পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামিদের সহযোগিতায় কিছুসংখ্যক জঙ্গি হলি আর্টিজানে হামলা করে দেশি-বিদেশি নাগরিকদের নির্মমভাবে হত্যা করেছেন। তাঁদের এই অপরাধ ক্ষমার অযোগ্য। এ কারণে ট্রাইব্যুনাল তাঁদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যুক্তিযুক্ত বলে মনে করেন। আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দৃষ্টি আকর্ষণ করা এবং জনমনে ভয় তৈরি করার জন্য ওই হামলা চালানো হয়েছিল বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
বিচারক তাঁর রায়ে বলেন, হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে আসামিরা ‘জঙ্গিবাদের উন্মত্ততা, নিষ্ঠুরতা ও নৃশংসতার জঘন্য বহিঃপ্রকাশ’ ঘটিয়েছেন। সাজার ক্ষেত্রে তাঁরা কোনো অনুকম্পা বা সহানুভূতি পেতে পারেন না।’
রায় শোনার পর আসামিরা ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে সমস্বরে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে থাকেন।
রায় ঘোষণার আগে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সব আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আদালত এলাকার রাস্তার ফুটপাত থেকে দোকানপাট তুলে দেওয়া হয়। হকারদের ঢুকতে দেওয়া হয়নি। আগত বিচারপ্রার্থীদের দেহ তল্লাশি করে আদালতে ঢুকতে দেওয়া হয়। ট্রাইব্যুনালে প্রবেশের আগে আইনজীবী, সাংবাদিক ও রায় শুনতে আসা লোকজনের দেহ তল্লাশি করা হয়। বসানো হয় আর্চওয়ে।
দুপুর ১২টায় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান রায় ঘোষণার জন্য এজলাসে ওঠেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে তিনি রায়ের গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনান। এ সময় আদালতকক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। এজলাসে ছিল পিনপতন নীরবতা। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়।
আসামি বড় মিজান সম্পর্কে আদালত রায়ে বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়নি রাষ্ট্রপক্ষ। সাক্ষ্য-প্রমাণ বিচার-বিশ্লেষণ করে মিজানকে খালাস দেওয়া হলো।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. গোলাম ছারোয়ার খান জাকির। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট। আসামিদের দৃষ্টান্তমূলক সাজা হয়েছে।’
আসামিপক্ষের অন্যতম আইনজীবী দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
গত ১৭ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করা হয়। গত বছর ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে দেশের ইতিহাসের ভয়াবহতম এই জঙ্গি হামলার মামলার বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ৩ ডিসেম্বর। চলতি বছর ২৭ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এই মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্টে জঙ্গি হামলার ওই ঘটনা ঘটে। ঘটনার তিন দিন পর ৪ জুলাই গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন উপপরিদর্শক (এসআই) রিপন কুমার দাস। এর দুই বছর পর গত বছর ২৩ জুলাই আটজনকে অভিযুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি বিচারের জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
আট আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হলেও তদন্তে হলি আর্টিজানে হামলার ঘটনায় ২১ জঙ্গির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাঁদের মধ্যে পাঁচজন ঘটনার সময় সেনা কমান্ডো অভিযানে নিহত হন। তাঁরা হলেন—ঢাকার রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল। এই পাঁচজনই সরাসরি হলি আর্টিজানে প্রবেশ করে অতিথিদের জিম্মি করেন এবং দেশি-বিদেশি ২০ জন অতিথিকে নৃশংসভাবে হত্যা করেন।
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একাংশ নিয়ে গঠিত নব্য জেএমবির প্রধান সমন্বয়কারী তামিম চৌধুরী, সারোয়ার জাহান, তানভীর কাদেরী, নুরুল ইসলাম মারজান, বাশারুজ্জামান, মেজর জাহিদুল ইসলাম, রায়হানুল কবির রায়হান ওরফে তানভীর ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান হলি আর্টিজান হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তে পাওয়া যায়। এই আটজন বিভিন্ন সময় জঙ্গিবিরোধী অভিযানে নিহত হন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মোট ১৩ জন নিহত হওয়ায় তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
নজিরবিহীন সেই হামলা : গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্ট। দেশি-বিদেশিদের কাছে জনপ্রিয় এই রেস্টুরেন্টে সেদিন অতিথিদের মধ্যে জাপান ও ইটালির নাগরিকদের দুটি বড় দল ছিল। এ ছাড়া ছোট ছোট দলে বিভক্ত কিছু বাংলাদেশি এবং ভারত ও শ্রীলঙ্কার কয়েকজন নাগরিক ছিলেন। তখন রাত পৌনে ৯টা। কারো কারো টেবিলে খাবার দেওয়া হয়েছে। কেউ কেউ খাবারের অর্ডার দিয়েছেন। হঠাৎ করে দুই-তিনজন ঘাড়ে ব্যাগ নিয়ে বেকারিতে ঢুকে পড়েন। পেছনে পেছনে আরো দুই-তিনজন। তাঁদের ঘাড়েও ব্যাগ। হাতে আগ্নেয়াস্ত্র। তাঁরা গুলি করতে করতে বেকারিতে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটান। হঠাৎ গুলি ও বোমার শব্দে আতঙ্কিত অতিথিরা ছোটাছুটি করতে শুরু করেন। কিন্তু তাঁদের থামিয়ে দেয় অস্ত্রধারী আগন্তুক দল। ‘আল্লাহ আকবর’ ধ্বনি দিয়ে তাঁরা বিস্ফোরণ ঘটাতে থাকেন। মুহূর্তের মধ্যে জিম্মি করে ফেলেন সবাইকে।
অস্ত্রধারীরা আগে লনে আক্রমণ করেন। তারপর ভেতরে যান। বিদেশিসহ ২০ জনকে প্রথমে গুলি করে, তারপর চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। যাঁদের বাঁচিয়ে রাখা হয় তাঁদেরকে সারা রাত বসিয়ে রাখা হয়। কাউকে কাউকে ঢাল হিসেবে ছাদে নিয়ে অস্ত্র হাতে ছেড়ে দেওয়া হয়। অনেককে টয়লেটে, স্টোর রুমে আটকে রাখা হয় রাতভর। সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দলের অভিযান ‘অপারেশন থান্ডারবোল্টের’ মধ্য দিয়ে জিম্মিদশার অবসান ঘটে। উদ্ধার করা হয় জীবিত জিম্মিদের। অভিযানে নিহত হন পাঁচ জঙ্গি। এরপর একে একে উদ্ধার করা হয় দেশি-বিদেশি ২০ জনের লাশ। এ ছাড়া হলি আর্টিজানের পাচক সাইফুলের লাশও উদ্ধার করা হয়। আর আহত অবস্থায় উদ্ধারের পর জাকির হোসেন শাওন নামে হলি আর্টিজানের আরেক কর্মী ৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জঙ্গিরা যেসব দেশি-বিদেশি অতিথিকে হত্যা করে : জঙ্গিরা যেসব অতিথিকে নৃশংসভাবে হত্যা করে তাঁদের মধ্যে ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি। বিদেশিদের মধ্যে ৯ জনই ইটালির নাগরিক। তাঁরা হলেন নাদিয়া বেনেদিত্তি, ভিনসেনজো আলেস্ত্রো, ক্লদিও মারিয়া দানতোনা, সিমোনা মন্তি, মারিয়া রিবোলি, আদেয়া পলিজি, ক্লদিও কাপেল্লি, ক্রিস্টিয়ান রসি ও মার্কো তোনদাত। অন্যদিকে জাপানের সাত নাগরিক নিহত হন। তাঁরা হলেন—তানাকা হিরোশি, ওগাসাওয়ারা, সাকাই ইউকু, কুরুসাকি নুবুহিরি, ওকামুরা মাকাতো, শিমুধুইরা রুই ও হাশিমাতো হিদেকো। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। তাঁর নাম তারিশি জৈন। আর নিহত তিন বাংলাদেশি হলেন—ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবির ও ইশরাত আখন্দ। তাঁদের মধ্যে অবিন্তা কবির যুক্তরাষ্ট্রেরও নাগরিক।
অভিযানের শুরুতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা : জঙ্গিদের হামলার পরপরই বাইরে থাকা পুলিশ সদস্যরা গুলি ছোড়েন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা খবর পেয়ে তাত্ক্ষণিক হলি আর্টিজানের চারদিকে বাহিনী মোতায়েন করেন। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), সোয়াট, র্যাব হলি আর্টিজান ঘিরে ফেলে এবং ভেতরে থাকা অতিথিদের উদ্ধারের সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা অভিযান শুরু করলে গুলি চালান জঙ্গিরা। জঙ্গিদের হামলায় ঘটনাস্থলে মারা যান ডিবির তৎকালীন সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম ও বনানী থানার ওসি সালাউদ্দিন।
আহত হন যাঁরা : জঙ্গিদের ছোড়া গুলি ও বোমার আঘাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ৩০ সদস্য আহত হন। তাঁদের মধ্যে ছিলেন র্যাব-১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মাসুদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মো. মারুফ হাসান ও পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদ।
আদালতে বিদেশি সাংবাদিক : রায় শোনার জন্য তিনজন জাপানি নাগরিক ট্রাইব্যুনালে উপস্থিত হন। তাঁদের মধ্যে তোহরু ফাকিদা—যিনি জাপানি সংবাদপত্র জিজি প্রেসের দিল্লি প্রতিনিধি, জাপানি দৈনিক ইওরি শিমবুন প্রতিবেদক শাও কমিরি ও জাপানি দৈনিক পত্রিকা দি আশাহি শিমবুনের জ্যেষ্ঠ প্রতিবেদক তাকেশি নারাবি রায়ের পর কালের কণ্ঠকে বলেন, ‘ভালো বিচার হয়েছে।’
‘দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার হয়েছে’
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় জঙ্গিদের ফাঁসির রায় হয়েছে। এখন এটা ডেথ রেফারেন্স হিসেবে আসবে হাইকোর্টে। নিম্ন আদালত থেকে জঙ্গিদের যে ফাঁসির রায় দেওয়া হয়েছে তা যাতে বহাল থাকে সে জন্য আমরা সব প্রস্তুতি নিয়ে মামলাটি পরিচালনার চেষ্টা করব।’
গতকাল নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, তিন বছর আগে গুলশানে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলা হয়। এতে দেশের ভাবমূর্তি যতটুকু ম্লান হয়েছিল, এই রায়ের মধ্য দিয়ে সে ভাবমূর্তি পুনরুদ্ধার হয়েছে।
খালাস পাওয়া আসামির বিষয়ে আপিল করবে পুলিশ
গুলশানের হলি আর্টিজান মামলার রায়ে পুলিশ সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল রাজধানীর গুলিস্তানে পুলিশ সদর দপ্তরে কাবাডি ফেডারেশনের এসএ গেমসের জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আইজিপি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি।
এ সময় রায়ে খালাস পাওয়া একমাত্র আসামির বিষয়ে পুলিশ আপিল করবে বলে জানিয়েছেন আইজিপি।