ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি মোয়াজ্জেমের আট বছরের জেল

ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিওতে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার দায়ে ফেনীর সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন গতকাল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেছেন।

রায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারায় (অনুমতি ছাড়া ভিডিও ধারণ) মোয়াজ্জেম হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৯ ধারায় (ওই ভিডিও প্রচার) তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি মোয়াজ্জেমকে প্রত্যেক ধারায় পাঁচ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ পাবে নুসরাতের পরিবার। আর জরিমানা দিতে ব্যর্থ হলে আসামি মোয়াজ্জেমকে আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে নুসরাতের পরিবার।

গত ২০ নভেম্বর আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়। একই সঙ্গে ওসি মোয়াজ্জেমকে রায় ঘোষণার সময় কারাগার থেকে

ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়। গতকাল রায় ঘোষণার আগে দুপুর ২টার দিকে ওসি মোয়াজ্জেমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায়ের পর তাঁকে সাজা পরোয়ানাসহ পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়। রায়ে ট্রাইব্যুনাল বলেন, ওসি মোয়াজ্জেমের অপরাধ বাদীপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় তিনি শাস্তি পাওয়ার যোগ্য।

ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ : রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, নুসরাত রাফি সোনাগাজী থানায় গিয়েছিল মাদরাসা অধ্যক্ষ কর্তৃক যৌন হয়রানির আইনি প্রতিকার চাইতে। কিন্তু ওসি মোয়াজ্জেম হোসেন প্রতিকারের বদলে আবারও একই ধরনের হয়রানি করেছেন বলে প্রমাণিত হয়েছে।

রায়ে বলা হয়, মোয়াজ্জেম হোসেন ছিলেন সোনাগাজী থানার দায়িত্বশীল কর্মকর্তা। অন্যদিকে নুসরাত রাফি একজন তরুণী। যৌন হয়রানির বিচার চাইতে গেলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। সাক্ষীরা বিশেষ করে নুসরাতের দুই বান্ধবী সাক্ষ্য দিতে এসে বলেছে, নুসরাতের মুখ থেকে বারবার হিজাব সরিয়ে দিয়েছেন ওসি। তাকে বিভিন্ন ধরনের বিরক্তিকর প্রশ্ন করা হয়েছে। এসব আবার ভিডিও করা হয়েছে। মামলার সাক্ষ্য-প্রমাণ ও অভিযুক্ত ওসির বক্তব্যে ভিডিও করার বিষয়টি প্রমাণিত।

ট্রাইব্যুনাল বলেন, ওসি মোয়াজ্জেমের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেননি। কারো অনুমতি ছাড়া তার বক্তব্য ও ছবি ভিডিও করা বেআইনি। আবার ভিডিও করেছেন ওসি মোয়াজ্জেম। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এর দায়দায়িত্ব ওসি এড়াতে পারেন না। ওসি মোয়াজ্জেমের মোবাইল ফোন থেকেই যে ভিডিওটি ছড়িয়েছে তা প্রমাণ হয়েছে।

মামলা দায়ের ও বিচারিক ঘটনাক্রম : ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে গত ১৫ এপ্রিল মামলাটি দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা গত ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন। তাতে বলা হয়, ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নুসরাত রাফিকে যৌন নিপীড়নের ঘটনার পর তাকে থানায় জেরা করার দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করে তা প্রচার করেন ওসি মোয়াজ্জেম। ভিডিও ধারণ ও প্রচার করে আসামি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওই দিনই ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

গত ১৬ জুন দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৭ জুন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সাইবার ট্রাইব্যুনাল। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

গত ১৭ জুলাই ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৩১ জুলাই মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে মোট ১২ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এর মধ্যে নুসরাতের মা, ভাই ও দুই সহপাঠী রয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৭ মার্চ সকাল ১০টার দিকে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তাঁর অফিসের পিয়ন নূরুল আমিনের মাধ্যমে শিক্ষার্থী নুসরাতকে ডেকে নেন। পরীক্ষার আধাঘণ্টা আগে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন অধ্যক্ষ। পরে নুসরাতের পরিবারের দায়ের করা মামলায় গ্রেপ্তার হন তিনি।

এই যৌন হয়রানির অভিযোগ করতে গেলে সোনাগাজী থানার তত্কালীন ওসির কক্ষে আরেক দফা হয়রানির শিকার হতে হয় নুসরাতকে। ওসি নিয়ম না মেনে জেরা করতে করতেই নুসরাতের বক্তব্য ভিডিও করেন। মৌখিক অভিযোগ নেওয়ার সময় দুজন পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী ছিল না। কুরুচিপূর্ণ নানা প্রশ্ন করা হয় মেয়েটিকে। এরপর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ওসি। শিক্ষার্থী নুসরাত রাফিকে মানসিকভাবে হেয় করতেই ভিডিও ধারণ এবং তা ইন্টারনেটে ছেড়ে দেওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের লঙ্ঘন ও বিচার্য।

প্রতিক্রিয়া : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘যে যেমন অপরাধ করবে তার তেমন সাজা হবে, এটাই স্বাভাবিক। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে ওসি হোক, এসপি হোক বা আইজিপি। নুসরাতের ওই ঘটনায় ওসি মোজাম্মেলের আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল। আদালতের এই রায়ে সবার কাছে বার্তা যাবে। স্পর্শকাতর বিষয়ে কিভাবে সাবধানে তদন্ত করতে হয় সে ব্যাপারে সবাই আরো সতর্ক হবে।’

তিনি আরো বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে ধরনের অপরাধ তাতে সাজার পরিমাণ বেশি হয়ে গেছে। তবে সাজা হওয়াটি ঠিকই আছে।’

রায় ঘোষণার পর মামলার বাদী সায়েদুল হক সুমন কালের কণ্ঠকে বলেন, ‘এই রায় নজির সৃষ্টি করেছে। ওসিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পর তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। রায়ে আমি সন্তুষ্ট।’

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি নজরুল ইসলাম শামীমও বলেন যে রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

তবে ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহমেদ দাবি করেন, তাঁর মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।

রায় শোনার জন্য ট্রাইব্যুনালে গতকাল উপস্থিত ছিলেন নুসরাত রাফির ভাই রাশেদুল হাসান রায়হান ও মামা সৈয়দ সেলিম। রায়ে সন্তোষ প্রকাশ করে রায়হান বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। সাজা বহাল থাকবে বলে আমরা প্রত্যাশা করি।’ প্রত্যাশিত রায় উল্লেখ করে সৈয়দ সেলিম বলেন, ‘নুসরাত আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু শিক্ষা দিয়ে গেছে প্রতিবাদের। এই রায়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কেউ ঘটালে ছাড় পাবে না।’

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি জানান, ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিনা আক্তার। তিনি বলেন, ‘আদালত বিচার-বিশ্লেষণ ও পর্যালোচনা করে রায় দিয়েছেন। এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। আর কোনো পুলিশ কর্মকর্তা কোনো নারীর সঙ্গে এমন আচরণ করার সাহস পাবেন না। এই রায়ের মাধ্যমে আমার মেয়ের বিদেহী আত্মা শান্তি পাবে।’

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এমন রায়ের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিচার বিভাগ ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে ওসি মোয়াজ্জেমের সাজা হওয়ায় কেবল নুসরাতের পরিবার নয়, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছে। গতকাল পৃথক প্রতিক্রিয়ায় তারা বলেছে, নুসরাতকে যেভাবে ওসি মোয়াজ্জেম অপমান করেছেন তার সঠিক বিচার হয়েছে।

প্রসঙ্গত, মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার হওয়ার পর ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যায় নুসরাত জাহান রাফি। সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে—মাদরাসার এক ছাত্রী এমন সংবাদ দিলে নুসরাত ওই ভবনের তিন তলায় যায়। সেখানে গেলে তাকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নুসরাত মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার রায় গত ২৪ অক্টোবর ঘোষণা করা হয়। রায়ে ১৬ আসামির ফাঁসি ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।