সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চারদিকে সরকারের বিদায়ঘণ্টা বাজছে।
তিনি বলেন, একাত্তরে এ ভূমির জনগণ পাকিস্তানীদের দেশ ছাড়তে বাধ্য করেছিল। নব্বইয়ে স্বৈরাচার এরশাদকেও ক্ষমতাচ্যুত করেছে। এখন যারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার কথা ভাবছেন, তারাও সফল হতে পারবেন না।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্ট’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সাবেক সভাপতি জাবেদ ইকবাল স্মরণে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী কলকাতায় ঘণ্টা বাজিয়া খেলার (ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ) উদ্বোধন করেছেন। তাদেরও (সরকার) ঘণ্টা বাজছে আর কী। ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে চারদিকে।’
সরকারকে দেশের উন্নয়ন ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘কৃষি ও প্রবৃদ্ধি নিয়ে মিথ্যা বক্তব্য বন্ধ করুন। পেঁয়াজ, চাল এবং লবণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, কিন্তু আপনারা এটি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন।’
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি পেলেও কৃষকরা ধানসহ তাদের ফসলের যথাযথ দাম পাচ্ছেন না।
এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিএনপির এ নেতা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।