ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীকে থানায় আটকে দেড়কোটি টাকার চেক নিলেন ওসি!

কুমিল্লার কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাহউদ্দিনের বিরুদ্ধে হোটেল ব্যবসায়ীকে থানায় আটকে দেড়কোটি টাকার চেক নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালাউদ্দিনকে প্রধান আসামি করে দুইজনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক জালাল উদ্দিন মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার দ্বিতীয় আসামি হলেন নগরীর মনোহরপুর ঊজির দীঘিরপাড় এলাকার মৃত রতন মিয়ার ছেলে মেসার্স এম আলমের মালিক মাহাবুব আলম (৫২)। রোববার দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুর সদর হাসপাতাল রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মহি উদ্দিন (৫২) বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী সালাউদ্দিন মাহমুদ।

মামলার নথি সূত্রে জানা যায়, ব্যবসায়ীক প্রয়োজনে তৃতীয় পক্ষ গ্যারান্টার দেখিয়ে বাদী মহিউদ্দিনের জমি বন্ধ রেখে চাচাতো ভাই মামলার দ্বিতীয় আসামি মাহাবুব আলম ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। সময় মত ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় অর্থ ঋণ আদালতে মাহাবুবের বিরুদ্ধে মামলা করে ব্যাংক। ওই ব্যাংক কর্তৃপক্ষ মামলা করার পর থেকে আসামি মাহাবুব মহিউদ্দিনের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করলে ব্যাংকের আদেশ ছাড়া কোনো টাকা দিবেন না জানান মহিউদ্দিন। পরবর্তীতে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সালাহউদ্দিন এবং আসামি মাহাবুব আলম যোগসাজসে টাকা আদায়ের উদ্দেশ্যে চলতি বছরের ৩ আগস্ট রাত ১০টার দিকে ৩-৪ জন পুলিশ সদস্য এবং মাহাবুব নগরীর হোটেল সালাউদ্দিনের ক্যাশে বসা অবস্থা থেকে মহিউদ্দিনকে থানায় তুলে নিয়ে যায়।

থানায় নিয়ে ওসি সালাহউদ্দিনের রুমে তাকে আটক রাখে এবং বাড়ি থেকে চেক বই নেওয়ার জন্য চাপ দেয়। চেক বই না দিলে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হবে বলে ভয় দেখান। পরবর্তীতে মহিউদ্দিন বাড়ি থেকে ছোট ভাইয়ের মাধ্যমে থানায় চেক বই নেওয়ার পর ১ কোটি ৫০ লাখ টাকার চেক লিখে দিতে মামলার হুমকি দেখিয়ে চাপ দেয় পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন ও চাচাতো ভাই মাহবুব। হুমকির মুখে একপর্যায়ে চেক লিখতে বাধ্য হন মহিউদ্দিন।

এরপর পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন নিজ হাতে চেকটি নিজের কাছে গ্রহণ করেন। এছাড়া সাদা কাগজে মহিউদ্দিন এবং উপস্থিত কয়েকজন ব্যক্তির স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন।

ভুুক্তভোগি মহিউদ্দিন বলেন, থানায় তুলে নিয়ে দেড়কোটি টাকার চেক মাহাবুবের জন্য আদায় করতে পরিদর্শক তদন্ত সালাউদ্দিন আমাকে হুমকি, মিথ্যা মামলার ভয় এবং নানা চাপ প্রয়োগ করেছেন। আইন অনুসারে কোনো পুলিশ কর্মকর্তা তা করতে পারে না। ঘটনার পর জেলা পুলিশ সুপারের বরাবর আমি অভিযোগ করে আদালতে মামলা দায়ের করেছি।

অভিযোগের বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, চেকের সমস্যা বাদীর চাচাতো ভাই মাহাবুবের সঙ্গে। এখানে আমি জড়িত নই। মামলার বিষয়ে এখনও আমি আদালত থেকে কোনো কাগজপত্র পাইনি।

মামলার দ্বিতীয় আসামি মাহাবুব আলমের মোবাইলে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ওসি (তদন্ত) সালাউদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রী কুমিল্লার আদালতে নারী নির্যাতন ও পরকীয়ায় আসক্তি অভিযোগ এনে মামলা করেছেন।