ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে উপহার হিসেবে ১০ প্রশিক্ষিত কুকুর পেল সেনাবাহিনী

ভারতীয় সেনাবাহিনী শনিবার বেনাপোল চেকপোস্ট দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর দিয়েছে।

কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল কেশব যাদব বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমানের কাছে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, কুকুরগুলো প্রথমে ভারতের মিরাট সেনানিবাস থেকে চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে দুপুরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় কুকুর উপহার হিসেবে দেয়া হবে। যার প্রথম চালানের ১০টি কুকুর আজ দেয়া হলো।

ভারতের সেনাবাহিনী থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এ কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম বলে জানান মিজানুর।