ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারস্য উপসাগরে এখনই আরও সেনা পাঠানোর প্রয়োজন দেখছে না যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরীয় অঞ্চল বিশেষ করে ইরান ও ইরাকে চলমান অস্থিরতা ট্রাম্প প্রশাসন গভীরভাবে পর্যবেক্ষণ করলেও সেখানে এখনই অতিরিক্ত সেনা পাঠানোর প্রয়োজন নেই বলে মনে করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।

বিমানে করে ক্যালিফোর্নিয়া যাওয়ার পথে শুক্রবার তার সাথে থাকা সাংবাদিকদের এসপার বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ মুহূর্তে সেখানকার পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, তিনি নিয়মিতভাবে বিশ্বের সমস্ত অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর পর্যাপ্ততা পর্যালোচনা করে কমান্ডারদের সুপারিশ এবং অনুরোধকে বিবেচনায় নেন।

পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘সেখানে ছোটখাটো কিছু বৃদ্ধি হতে পারে। সেই সাথে ইউনিটগুলোর মধ্যে রোটেশন (রদবদল) হতে পারে। কিন্তু বর্তমানে আরও সংযোজনের প্রয়োজন নেই।’

এর আগে চলতি সপ্তাহে অন্যান্য কর্মকর্তারা জানান, উপসাগরীয় এলাকায় ৫ হাজার থেকে ৭ হাজার অতিরিক্ত সেনা মোতায়নের আহ্বানের বিষয়টি বিবেচনাধীন রয়েছে, তবে সিদ্ধান্ত হয়নি।