ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নাগরিকত্ব বিল মানি না’ ঐক্যবদ্ধ ৫ মুখ্যমন্ত্রী

সংসদে সরকারের ক্ষমতাবলে পাশ হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী বিল। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা পরিণত হয়েছে আইনে। সংসদে বিলটিকে আটকাতে না পারলেও, এবার ঘুরপথে নাগরিকত্ব সংশোধনী আইন আটকাতে চাইছে বিরোধীরা। ইতোমধ্যেই পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, তারা নাগরিকত্ব সংশোধনী আইন মানছেন না।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন’এর খবরে বলা হয়, শুরু থেকেই নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসির বিরোধিতায় সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রথম ঘোষণা করেন, বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি চালু হতে দেবেন না।

শুক্রবার দিঘায় আরো একবার স্পষ্ট করে জানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হতে দেব না। এই বিল দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করবে। আমাদের সরকার থাকা পর্যন্ত এ রাজ্যের একজন নাগরিককেও দেশ ছাড়তে হবে না।’

মমতার সুরেই সুর মিলিয়েছেন কংগ্রেস শাসিত ৩ রাজ্যের মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আগেই জানিয়েছিলেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া আইন তিনি সমর্থন করেন না। পাঞ্জাবে সিএবি চালু হবে না। শুক্রবার একই সুরে কথা বলেছেন আরো দুই কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দুই মুখ্যমন্ত্রী।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল বলেন, ‘আমাদের অবস্থান একেবারেই আলাদা নয়। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যা ঠিক করেছে সেটাই হবে।’ একই কথা বলছেন কমল নাথও। তার কথায়, ‘আমরা এমন কোনো প্রক্রিয়ার অংশ হতে চাই না, যেটা বিচ্ছিন্নতবাদের বীজ বপন করছে। আমারা এআইসিসির সিদ্ধান্তই মেনে চলব।’

উল্লেখ্য, এআইসিসি ইতিমধ্যেই এই বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এই চার মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও সাফ জানিয়ে দিয়েছেন, তার রাজ্যে সিএবি চালু হবে না।