ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুলিশ শাসক নয়- জনগণের সেবক’ এই মন্ত্রে জনসাধারণকে উজ্জীবিত করছেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক

থানা মানেই টাকা। টাকা ছাড়া থানায় কোনো কাজ হয় না। এমন ধারণা জনসাধারণের। তবে জনসাধারণের সেই ধারণা পাল্টে দিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। চট্টগ্রাম রেঞ্জের দায়িত্ব নেয়ার পর থেকে তার কঠোর দিক নির্দেশনার কারণে এ রেঞ্জের আওতায় সকল জেলা ও উপজেলার থানাগুলোতে সেবা নিতে আসা লোকজন এখন টাকা ছাড়াই সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন। পুলিশ বিভাগে সাহসী ও মেধাবী হিসেবে সব মহলে প্রশংসিত ডিআইজি খন্দকার গোলাম ফারুক ব্যক্তিগত জীবনে আর্দশবান, শতভাগ পেশাদার ও ন্যায়পরায়ন। তিনি চট্টগ্রাম রেঞ্জের দায়িত্ব নেয়ার পর থেকে চিত্র পাল্টে যেতে শুরু করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের। ‘পুলিশ শাসক নয়- জনগণের সেবক’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে জনসাধারণকে সেবা দিয়ে যাওয়ার জন্য তার কঠোর দিক নির্দেশনা রয়েছে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ বাহিনীর প্রতি। বাড়তে শুরু করেছে পুলিশের প্রতি জনগণের আস্থা।

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), খন্দকার গোলাম ফারুক দৈনিক দেশেরপত্রকে জানালেন তাঁর পেশার চ্যালেঞ্জ, প্রত্যাশা, প্রাপ্তি, স্বপ্ন ও স্বপ্নপূরণের কথা।

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আমি কৃষক পরিবারে জন্ম নিয়েছি। সেই সুবাদে খোলা মাঠ, বিল, ঝিল দাপিয়ে বড় হয়েছি। জমিতে চারা লাগিয়েছি, রোপা লাগিয়েছি, ধান কেটেছি। একেবারে কৃষকের মতো ছোটবেলাটা কাটিয়েছি। পুরোপুরি গ্রামীণ পরিবেশে বড় হয়েছি। আমার বাবা কৃষক হলেও তিনি পড়াশোনার গুরুত্ব বুঝতেন। আমাদেরকে তাগিদ দিতেন লেখাপড়া করতে।’

কিশোর বয়সের একটি ঘটনা এখনো মনে দাগ কেটে আছে খন্দকার গোলাম ফারুকের। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু গিয়েছিলেন টাঙ্গাইলে। তখন ৫ম শ্রেণিতে পড়তেন ফারুক। বঙ্গবন্ধুকে দেখার জন্য সহপাঠী-বন্ধুদের সাথে ট্রাকে করে জনসভায় গেলেন তিনি। বলেন, ‘কাদা-পানি মাড়িয়ে বঙ্গবন্ধুকে দেখার জন্য গেলাম। লক্ষ লক্ষ লোক সেখানে। এক নজর দেখতে পারলাম বঙ্গবন্ধুকে। কি যে খুশি হলাম। জীবনে এটাই একমাত্র, বঙ্গবন্ধুকে সামনাসামনি দেখার সুযোগ।’ বলতে বলতে গলা ধরে আসে ডিআইজি খন্দকার গোলাম ফারুকের।