ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যান-এমপি হয়ে ঠিকাদারি ব্যবসা বন্ধ করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কিশোরগঞ্জের হাওর এক সময় অবহেলিত ছিল। অনেক কষ্টে হাওরের উন্নয়ন হচ্ছে। কিন্তু উন্নয়ন কাজগুলোর তদারকি করতে হবে। সেই সঙ্গে হাওরের পরিবেশ বজায় রাখতে হবে। হাওর এলাকার উন্নয়ন দেখে এক শ্রেণির মানুষ পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাতারাতি ব্যবসা করার ফন্দি করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন নামিদামি আবাসন কোম্পানি হাওরে জমি কিনতে আসছে। তবে কোনো অবস্থাতেই এসব রাঘব-বোয়ালদের কাছে হাওরের জমি বিক্রি করা যাবে না। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

গতকাল সোমবার বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ভূমিখেকো এসব রাঘব-বোয়ালদের কাছে জমি বিক্রি করলে তারা হাওরকে খেয়ে ফেলবে। তারা টাকার প্রলোভন দেখিয়ে স্থানীয় কিছু লোকদের হাত করে ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামে জমি কিনতে চাইছে। এসব স্থানীয় দালালদের বিষয়েও সজাগ থাকতে হবে। না হলে হাওরের পরিবেশ নষ্ট হয়ে যাবে।