ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে ভারত’

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল পুরো ভারত। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ ভারত। আন্দোলন রুখতে বিভিন্ন প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। তবে কারফিউ ভেঙে রাস্তায় নেমেছে লাখ লাখ ভারতবাসী। চলমান বিক্ষোভে বিভিন্ন রাজ্যে পুলিশের গুলি ও সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এদিকে, নাগরিকত্ব আইন পাসের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুক্রবার কুয়ালালামপুর সম্মেলন উপলক্ষে দেয়া এক ভাষণে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে কথা বলতে গিয়ে এর নিন্দা জানান মাহাথির।

এসময় তিনি বলেন, ‘গত ৭০ বছর ধরে কোনো ধরনের সমস্যা ছাড়াই তো ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতের নাগরিকরা একসঙ্গে বসবাস করছেন। তাহলে এখন এই আইনের প্রয়োজন কি? উল্টো আমরা দেখছি এই আইনের বিরোধিতা করে ভারতে বিক্ষোভ-সংঘাতে মানুষ মারা যাচ্ছে।’

মাহাথির আরো বলেন, ‘আমি দুঃখিত আমাকে এটা বলতে হচ্ছে যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত কিছু মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে। ভারতের মতো মালয়েশিয়াতেও যদি এমন আইন করি তবে কী ঘটবে আমি জানি না। এমনটা ঘটলে এখানে অশান্তি ও অস্থিতিশীলতা বাড়বে। এতে সবাইকে ভুগতে হবে।’